Last Updated:
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার ব্যাট হাতে নেমেই বুঝিয়েছিলেন তিনি অন্য ধাতুতে গড়া৷ চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ব্যাটিংয়ের রথী মহারথীরা যখন ব্যর্থ, তখন ধারাবাহিক ভাবে টিম ইন্ডিয়াকে ভরসা জুগিয়েছেন তিনি৷ তবে বার বারই সঙ্গীর অভাবে অর্ধশতরান হাতছাড়া হচ্ছিল নীতীশ কুমার রেড্ডির৷ মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ফের একবার কঠিন সময়ে জ্বলে উঠল ডান হাতি এই অলরাউন্ডারের ব্যাট৷ বক্সিং ডে টেস্টে কঠিন পরিস্থিতিতে শতরান করে নীতীশ বুঝিয়ে দিলেন, ভারতীয় দলের ছ নম্বর জায়গাটা আপাতত তাঁর জন্য পাকা৷ অর্ধশতরান করে নীতীশকে যোগ্য সঙ্গত দেন ওয়াশিংটন সুন্দরও৷ অর্ধশতরানে পৌঁছে পুষ্পা ছবির অল্লু অর্জুনের কায়দায় ব্যাট হাতে সেলিব্রেট করে চমকে দেন নীতীশও৷
রোহিত, বিরাট, কে এল রাহুল ব্যাটিং ব্যর্থতায় মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসেও চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল৷ তৃতীয় দিনের সকালে দ্রুত ফিরে যান ঋষভ পন্থও৷ তাঁর দায়িত্বজ্ঞানহীন শট দেখে ধারাভাষ্য দিতে গিয়ে ক্ষোভ উগরে দেন সুনীল গাভাস্করও৷ বেশিক্ষণ স্থায়ী হননি রবীন্দ্র জাদেজাও৷ এক সময় ২২১ রানে ৭ উইকেট হারিয়ে ফলো অনের বিপদের মুখে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া৷
সেখান থেকেই ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়েই পাল্টা লড়াই শুরু করেন নীতীশ৷ দু জন মিলিয়ে ফলো অন বাঁচিয়ে দেন৷ এর পর বৃষ্টিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে৷ ততক্ষণে অবশ্য অনেকটাই নিরাপদ জায়গায় দলকে পৌঁছে দিয়েছেন নীতীশ-সুন্দর জুটি৷ অষ্টম উইকেটে দু জন মিলে ১২৮ রান যোগ করার পর ফিরে যান সুন্দর৷
কিন্তু অর্ধশতরান পেরোলেও শেষ পর্যন্ত নীতীশ শতরানে পৌঁছতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়৷ ওয়াশিংটন সুন্দর ফিরে যাওয়ার পর দ্রুত ফিরে জসপ্রীত বুমরাও৷ কোনওক্রমে প্যাট কামিন্সের ওভারের পরের তিনটি বল সামলে দেন মহম্মদ সিরাজ৷ এর পর আর ভুল করেননি নীতীশ৷ ১৭১ বলে শতরান পূর্ণ করেন তিনি৷
Kolkata,West Bengal
December 28, 2024 11:52 AM IST
Nitish Kumar Reddy: ভারতীয় ব্যাটিংয়ের পুষ্পা হলেন নীতীশ, ফলো অন বাঁচিয়ে মেলবোর্ন টেস্টে দুরন্ত শতরান