খায়রুল খন্দকার, টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।
জানা যায় উপজেলার পাথাইল কান্দী বাজারে তালুকদার ইন্টারপ্রাইজ ও প্রামাণিক এন্টারপ্রাইজে বৈধ লাইসেন্স না থাকা এবং একই দোকানে গ্যাস ও পেট্রোল একসঙ্গে সংরক্ষণ ও বিক্রির অপরাধে দুটি তেলের দোকানকে যথাক্রমে ১০ হাজার ও ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও গোবিন্দাসী বাজারে গরিব ষ্টোরে কসমেটিকসের নকল প্রসাধনী রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে তিনটি দোকান থেকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে অনিয়ম ও নকল পণ্যের বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।