রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মেলান্দহে মামলা তুলে বাদীকে প্রাননাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
মেলান্দহে মামলা তুলে বাদীকে প্রাননাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর সংবাদদাতা :
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের শিহাটা গ্রামের রুমি বেগম নামে এক নারীর কাছ থেকে ব্যবসার কথা বলে ধার নেয়া ৮ লাখ টাকা ফেরৎ না দিয়ে মামলা তুলে নিতে উল্টো ওই নারীর বাড়ি-ঘরে হামলা,অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই এলাকার প্রভাবশালী মো. কামরুজ্জামানের বিরুদ্ধে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে শিহাটা গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত মো. কামরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী রুমি বেগম ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে মো. কামরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তিনি জানান, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি চরবানিপাকুরিয়া ইউনিয়নের শিহাটা গামের প্রতিবেশী মো. কামরুজ্জামান ব্যবসায়িক লভ্যাংশ দেওয়ার চুক্তিতে তার কাছ থেকে ৮ লাখ টাকা ধার নেন। ওই দিন উভয়পক্ষের কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ৩০০ টাকা মূল্যমানের তিনটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দলিলে স্বাক্ষরও করেন। স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা ধার নেয়ার দুই মাস পর হিসাব চাইতে গেলে ব্যবসায়িক লভ্যাংশের টাকা না দিয়ে তালবাহানা শুরু করেন কামরুজ্জামান। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা শালিসি বৈঠক হলেও তিনি লভ্যাংশ ও ৮ লাখ টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

এ ঘটনায় চলতি বছরের ১৪ মে মো. কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা আমলে নেয়া আদালত মেলান্দহে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রভাবশালী যুবদল নেতা মোঃ কামরুজ্জামান আদালত থেকে জামিন নিয়ে এসে মামলার বাদি রুমী বেগমকে মামলা প্রত্যাহার ও তার কাছে আরো ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। রুমি বেগম মামলা প্রত্যাহার ও তার দাবীকৃত ১০লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলাসহ অগ্নিসংযোগ করে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। হুমকির ঘটনায় কামরুজ্জামানের বিরুদ্ধে গত ২১ নভেম্বর মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন রুমি বেগম।
এসময় তিনি আরও বলেন, প্রভাবশালী কামরুজ্জামানের হুমকিতে আামি প্রাণের ভয়ে বাড়ি ছাড়া হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার টাকাগুলো ফেরত পেতে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা কামনা করছি। একই সাথে আমাকে হুমকিদাতা মো: কামরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুমি বেগমের স্বজন ও প্রতিবেশী সোহরাব আলী, মো ফরিদ, কামরুল, মো. মজনু ও চান মিয়া উপস্থিত ছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে মোঃ কামরুজ্জামান জানান, রুমির পরিবারের অভিযোগ মিথ্যা। আমি ৪ লাখ টাকা নিয়েছিলাম সেটার লাভসহ দিয়ে দেওয়ার পরেও সে আমার সাক্ষরিত স্ট্যাম্প ফেরত না দিয়ে আমাকে হয়রানি করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর