শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১১২ সময় দেখুন


রাবি করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২১:৪৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ২১:৫০

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থী মো. শিমুলের (১৮) মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক। এর আগে বুধবার রাতে নিহতের বাবা মো. জামাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। এতে শারীরিক নির্যাতনে শিমুলের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।

নিহত শিমুল রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী নগরের মেহেড়চণ্ডী এলাকার জামাল হোসেনের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৩ জানুয়ারি আনুমানিক রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের কাছাকাছি পৌঁছলে সহকারী প্রক্টর কলেজ শিক্ষার্থী মো. শিমুলের মোটরসাইকেলের গতিরোধ করে তার পরিচয় জানতে চায়। তিনি মেহেরচন্ডির বুধপাড়ার বাসিন্দা পরিচয় দিলে সহকারী প্রক্টর ‘বহিরাগত ধরধর’ বলে চিৎকার করেন। এ সময় পেছন থেকে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোটরসাইকেলের গতিরোধ করতে শিমুলকে ধাওয়া করে। এ সময় এক শিক্ষার্থী ব্যাডমিন্টন ব্যাট দিয়ে পেছন থেকে ঘাড়ে আঘাত করলে শিমুল মোটরসাইকেল থামায়।

এজহারে আরও বলা হয়েছে, শিমুলকে সহকারী প্রক্টরের নির্দেশে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোটরসাইকেল থেকে নামিয়ে শারীরিক নির্যাতন করেন। এ সময় অবস্থার অবনতি হলে সঙ্গে থাকা বান্ধবী জান্নাতুল ফেরদৌস মিষ্টিসহ কয়েকজন তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিমুলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত রামেকে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সে তাকে রামেকে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনার সাক্ষী ও শিমুলের সঙ্গে থাকা তার বান্ধবী জান্নাতুল ফেরদৌস মিষ্টিকেও মারধর করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক বলেন, বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও মনাতদন্তের রিপোর্ট সংগ্রহের কাজ চলমান রয়েছে।’

মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ শিক্ষার্থীদের নামে মামলা হয়েছে। এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। মামলার বিষয়টি আমরা আইনানুগভাবে মোকাবেলা করবো।’

সারাবাংলা/এসআর

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবি
রাবি ক্যাম্পাসে মৃত্যু
সহকারী প্রক্টরের বিরুদ্ধে মামলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর