মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের দুধের বাজারে ভেজাল দুধ বিক্রির অভিযোগে প্রায় তিন মণ দুধ বিনষ্ট করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রোববার (১০ মে) দুপুরে পরিচালিত অভিযানে বাজারের পাঁচজন ব্যবসায়ীর দুধ পরীক্ষা করা হয়।
আধুনিক মেশিনের সাহায্যে প্রায় ৬ মণ দুধের গুণগত মান যাচাই করা হলে এর মধ্যে প্রায় তিন মণ দুধে পানির উপস্থিতি পাওয়া যায়। পরে ভেজাল মেশানো দুধগুলো পাশের রহমতখালী খালে ফেলে বিনষ্ট করা হয়।
লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী জানান, নিয়মিতভাবে দুধের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আধুনিক যন্ত্রের মাধ্যমে দুধের মান পরীক্ষা করা হচ্ছে এবং ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুধে ভেজাল মিশিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।