ঢাবি করেসপন্ডেন্ট
ঢাকা: আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে শহিদ মিনারে ফুল দিতে গেলে করোনাভাইরাসের ভ্যাকসিন সনদ সঙ্গে নিতে হবে। পাশাপাশি মাস্ক পরারও নির্দেশনা রয়েছে। এ ছাড়া শহিদ মিনারে সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ ২ জন ফুল দিতে পারবেন।
রোববার (২৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সংগঠন ও ব্যক্তি পর্যায়ে শহিদ মিনারে ফুল দেওয়া প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি শহিদ মিনারে ফুল দিতে পারবেন। এ ছাড়া ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ ২ জন ফুল দিতে পারবেন।
সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। এতে আইন অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সমন্বয়কারী, সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াকে যুগ্ম সমন্বয়কারী এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে সদস্যসচিব করা হয়েছে।
অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সিনেট সদস্য, রেজিস্ট্রারসহ অনেকে।
সারাবাংলা/আরআইআর/আইই