নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। সপ্তাহটিতে পুঁজিবাজারে ১২ হাজার ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে। আর বাজার মূলধন ৯৯০ কোটি টাকা বেড়েছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ৯৪৭ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি ৭৭ লাখ টাকায়।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৪৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৯২৯ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৩৩৬ টাকা বা ১৯ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.২১ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬.৬৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৩১ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৫১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ২৯৯.৪৮ পয়েন্ট এবং ২ হাজার ২০৫.১০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১১টির বা ৫৬.৮৭ শতাংশের, কমেছে ১৪২টির বা ৩৮.২৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির বা ৪.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর।





