নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২ হাজার ৭৪৩ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮ হাজার ৯৪৭ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৬ হাজার ২০৩ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৬৮৩ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ১১৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২ হাজার ৫৭৪ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার ৩৯৪ টাকা বা ৩৩.৫১ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ২৯৩ পয়েন্ট এবং ২ হাজার ২০৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার ও ইউনিট দর।





