বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ মে, ২০২২
  • ২১৫ সময় দেখুন
সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ক্যাসিনো কাণ্ডের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে তাঁকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সম্রাটের পক্ষে ছিলেন- অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট এহসানুল হক সামাজী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, নিম্ন আদালত পুরোনো মেডিকেল রিপোর্টের ভিত্তিতে সম্রাটের জামিন মঞ্জুর করেছেন যা মেনে নেননি হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে সম্রাটকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

গত সোমবার (১৬ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে সম্রাটের জামিন বাতিলের আবেদন করে দুদক।

এর আগে, গত ১১ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় সম্রাটকে জামিন দেন। দুদকের মামলায় তার তিন শর্তে ও ১০ হাজার টাকা মুচলেকায় ৯ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত।

শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সম্রাটের উন্নত চিকিৎসা দরকার বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

গত সোমবার তিনি বলেন, যুবলীগ নেতা সম্রাটের চিকিৎসার বিষয়ে বোর্ড মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে—তাঁর উন্নত চিকিৎসা দরকার; তাঁর চিকিৎসা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে।

সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। মামলা চারটি হলো—অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের দায়ের করা মামলা। বর্তমানে সব মামলায় তিনি জামিনে রয়েছেন। সবশেষ গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের করা মামলায় জামিন পান সম্রাট।

উল্লেখ্য, ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচারসহ ৪টি মামলা করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এর মধ্যে দুদকের মামলায় ২১৯ কোটি টাকা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ রয়েছে সম্রাটের বিরুদ্ধে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর