জামালপুরের মেলান্দহ উপজেলার কলাবাঁধা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং থেকে উত্তোলিত বালু নিয়ে “সরকারি বালু বিক্রির” অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
রবিবার (২৭ জুলাই) দুপুরে কলাবাঁধা কবরস্থান মাঠে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন গ্রামের শতাধিক মানুষ এই প্রতিবাদ জানান।
প্রায় তিন বছর আগে ব্রহ্মপুত্র নদে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কার্যক্রম চালু হলে ওই বালু নদীর পাশে ব্যক্তি মালিকানাধীন জমিতে সংরক্ষণ করা হয়। এক বছরের জন্য সংরক্ষণের অনুমতি থাকলেও, তিন বছরেও তা সরানো হয়নি। এতে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় কৃষিজমি।
ফসলি জমি অকেজো হয়ে পড়ায় বাধ্য হয়েই এলাকাবাসী সিদ্ধান্ত নেয় বালু বিক্রি করে সামাজিক কাজে অর্থ ব্যয় করার।
কিন্তু সম্প্রতি একটি সংবাদমাধ্যমে বলা হয়, “সরকারি বালু বিক্রি করে তা খায়রুল নামে এক ব্যক্তির একাউন্টে জমা হয়েছে।”
এমন খবরকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেন গ্রামবাসী। তারা জানান, খায়রুল একা নন, বরং তিন গ্রামের মানুষ যৌথভাবে তাকে দায়িত্ব দিয়েছেন।
এলাকাবাসীর দাবি, প্রকৃত ঘটনা যাচাই না করে এমন সংবাদ পরিবেশন করায় তারা ক্ষুব্ধ ও হতাশ। একইসঙ্গে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।