মাজহারুল ইসলাম: [২] বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান (৪৮) ২১ মার্চ লিবিয়ায় যান। লিবিয়ায় যাওয়ার পর গত ৫ দিন ধরে তিনি নিখোঁজ। ঢাকার সাভার এলাকার বাসিন্দা জাহিদুর এনটিভির বিশেষ প্রতিনিধি এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। জাহিদের সঙ্গে থাকা লিবিয়ার বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও তাদের লিবিয়ার গাড়িচালক মোহাম্মদ খালেদও একই সময় থেকে নিখোঁজ।
[৩] জাহিদের পরিবার বলছে, ত্রিপোলি থেকে তাদের অপহরণ করা হয়েছে। তবে, লিবিয়ায় থাকা প্রকৌশলী সাইফুল ইসলামের পরিবার জানায়, ত্রিপলিতে মিলিশিয়াদের তৎপরতা কম, কাজেই সরকারের কোনো বাহিনী তাদের ধরে নিয়ে যেতে পারে।
[৪] লিবিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান বলেন, ধারণা করছি কোনো মিলিশিয়া গ্রুপই তাদের ধরে নিয়ে যেতে পারে।
[৫] জাহিদুরের স্ত্রী তাসলিমা রহমান জানান, ২৩ মার্চ দুপুরে আমাদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ। যদিও তার ফোন কখনো বন্ধ থাকে না। আমার তখন উদ্বিগ্ন হই। ঘটনার ২৪ ঘণ্টা পর আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে বিষয়টি জানাই। তিনি খোঁজ নিয়ে জানান, তিনি যে হোটেলে ছিলেন সেই কোরিনথিয়া হোটেলে ফেরেননি।
[৬] জাহিদুর রহমান ২৩ মার্চ দুপুর ১টা ৪৯ মিনিটে কোরিনথিয়া হোটেল থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এরপর থেকে তার কোনো পোস্ট পাওয়া যায়নি। তিনি আর ফেসবুকে সক্রিয় ছিলেন না।