নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেফতার খন্দকার মোহতেশাম হোসেন বাবর সাবেক উপজেলা চেয়ারম্যান।
আজ দুপুরে ফরিদপুরের কোতয়ালি থানায় এ-সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে বিস্তারিত জানোনো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি পুলিশ। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।
এ মামলার অন্য আসামিরা হলেন- ইমতিয়াজ হাসান রুবেল, চৌধুরী বরকত ইবনে সালাম, মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।