স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: আজ রোববার (৩০ জুন) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি বোর্ডের অধীনে এবার ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ৯ জুলাই থেকে এসব বোর্ডের পরীক্ষা শুরু হবে।
এর আগে আন্তঃশিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, দেশের ১১টি বোর্ডের অধীনে এবার ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন ছাত্র এবং ৭ লাখ ৫০৯ জন ছাত্রী। রোববার শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টা ও প্রশ্নফাঁস ঠেকাতে শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯ হাজার ৪৬৩টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। গেল বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। আর প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি। পরীক্ষা কেন্দ্র বেড়েছে ৬৭টি।
সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। পূর্বঘোষণা অনুযায়ী, পূর্নবিন্যাসকৃত পাঠ্যসূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার।
এ পরীক্ষা সুষ্ঠু পরিবেশে আয়োজনের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবে। গত বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং তত্ত্বীয় উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবেন। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবেন। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
সারাবাংলা/জেআর/আইই