Last Updated:
উত্তর ২৪ পরগনা: এবার বারাসাত মধ্যমগ্রামের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে তৈরি হবে আধুনিক মানের এক প্রশিক্ষণ কেন্দ্র। এদিন মধ্যমগ্রাম পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের সুকান্তনগরে অত্যাধুনিক মানের এই আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বারাসাতের সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার।
সাংসদ তহবিলের এক কোটি দশ লক্ষ টাকা ব্যয় তৈরি হবে এই প্রশিক্ষণ সেন্টারটি। যেখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ-সহ হাতের কাজের প্রশিক্ষণও এই কেন্দ্র থেকে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। যার ফলে বিস্তীর্ণ এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরও উচ্চ শিক্ষা ও ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।
দু’তলা বিশিষ্ট এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিবছরই প্রায় শতাধিক পড়ুয়া প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ পাবেন। আগামী দিনে এই প্রশিক্ষণ কেন্দ্রটি আরও বড় করার ইচ্ছে প্রকাশ করেন সাংসদ।
এদিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন, মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ, উপ পৌরপ্রধান প্রকাশ রাহা, এসডিও বারাসাত-সহ জনপ্রতিনিধিরা। এখন দেখার কত দ্রুত শেষ হয় এই অত্যাধুনিক উচ্চশিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কাজ।
Rudra Narayan Roy
Kolkata,West Bengal
November 19, 2024, 8:42 PM IST