Last Updated:
পূর্ব বর্ধমান: জুনিয়র গার্লস স্কুলে রয়েছে মাত্র একজন ছাত্রী৷ তার জন্যই প্রতিদিন খুলতে হচ্ছে বিদ্যালয়৷ বিদ্যালয়ে নিয়মিত ক্লাসও হচ্ছে মাত্র একজন ছাত্রীর জন্যই। এছাড়াও এই বিদ্যালয়ে নির্ধারিত সময়ে ঘন্টা বাজে, প্রার্থনা করা হয়৷ মাত্র একজন পড়ুয়ার জন্যই মিড ডে মিলের ব্যবস্থাও করা হয়৷ পূর্ব বর্ধমানের সিঙ্গি গ্রামের কাশীরাম দাস বালিকা বিদ্যালয় জুনিয়র স্কুলের এমন অবস্থা দেখে হতবাক সকলেই৷ এই বিদ্যালয়টি ২০১০ সালে প্রতিষ্ঠা হয়৷ সিঙ্গি বাসস্ট্যাণ্ডে পাঠাগারের পিছনে প্রায় ৭ বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠে দ্বিতল স্কুল৷ ওই স্কুলেই পড়ুয়ার সংখ্যা মাত্র একজন৷ আরাধ্যা সর্দার নামে পঞ্চম শ্রেনীর ওই পড়ুয়ার জন্যই প্রতিদিন স্কুল খোলা হয়৷
প্রতিটি ক্লাস হয় তারজন্যই৷ শ্রেনীকক্ষে সব বেঞ্চ ফাঁকা থাকে৷ তারমধ্যেই একটি বেঞ্চে আরাধ্যা প্রতিদিন বসে৷ বেঞ্চ দখলের জন্য সহপাঠীদের সঙ্গে প্রতিদিন আরাধ্যাকে প্রতিযোগিতা করতে হয় না৷ কারণ গোটা স্কুল জুড়েই একমাত্র তার বিচরণ৷ স্কুল শুরুর সময়ে আরাধ্যার জন্যই ঘন্টা বাজে৷ সেটা শুনে আরাধ্যা স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকে৷ প্রার্থনা সেরে সে ক্লাসে চলে যায়৷ টিফিনে আরাধ্যার জন্য মিড-ডে মিল হিসাবে টিফিন আসে৷ ছুটির সময় আবার সিঙ্গি গ্রামের সর্দার পাড়ায় সে নিজের বাড়ি চলে যায়। স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্বে থাকা অতিথি শিক্ষক নাজিবুল হক মল্লিক বলেন,”বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার কারণে ছাত্রীরা ভর্তি হয়নি, অভিভাবকরাও উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। অভিভাবকদের উৎসাহ জাগানোর জন্য, পড়ুয়াদের ভর্তি সংখ্যা যাতে বাড়ে সে কারণে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি।”
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
স্কুল শুরুর দিকে দেড়শোর উপরে পড়ুয়া ছিল৷ তবে ২০১২ সাল থেকে পড়ুয়ার সংখ্যা কমতে থাকে৷ তারপর ২০২০ সালে মামলা চলার কারণে স্কুল পুরোপুরি বন্ধ হয়ে যায়৷ এরপর আবার চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি চালু হয়৷ কিন্তু পড়ুয়ার সংখ্যা মাত্র একজন৷ পড়ুয়া টানতে তাই এবার সিঙ্গি গ্রামের হাটে এবং মুলটি, গৌড়ডাঙা, ওকড়সা গ্রামেও ফ্লেক্স টাঙানো হয়েছে বিদ্যালয়ের তরফে। এর পাশাপাশি লিফলেট বিলিও করা হয়েছে৷ স্কুলটিতে দ্বিতলে ৩ টে ও নীচে দুটো শ্রেনী কক্ষ রয়েছে৷
আরও পড়ুনঃ KKR News: কেকেআরের জন্য অধিনায়ক তৈরি করে দিয়েছে সিএসকে! বড় চমক! জানুন বিস্তারিত
পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ানোর জন্য এখন একজন অতিথি শিক্ষক রয়েছেন৷ একজন চতুর্থ শ্রেনীর কর্মীও রয়েছেন৷ স্কুলে পড়ুয়া টানতে যে ফ্লেক্স দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে, স্কুলের ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২০২৫ সালের ২ জানুয়ারি৷ সন্তান আপনার, শিক্ষা আমাদের৷ ভবিষ্যত দেশের৷ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্কুলে সমস্ত ধরনের স্কলারশিপের ব্যবস্থা আছে৷ তাই এই স্কুলে ভর্তি করুন বাচ্চাদের। পড়ুয়া টানতে শিক্ষকদের এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বনোয়ারীলাল চৌধুরী
Kolkata,West Bengal
December 16, 2024 9:03 PM IST