Last Updated:
মেরঠ: মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে৷ স্ত্রী মুসকান রাস্তোগির জন্যই নিজের পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছিল সৌরভ৷ আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল মুসকান৷ প্রেমিক সাহিলের সঙ্গে মিলে সৌরভকে নৃশংস ভাবে খুন করে দেহ পনেরো টুকরো করে একটি ড্রামে ভরে রেখে মানালিতে ঘুরতে চলে গিয়েছিল দু জনে৷
মুসকান ভেবেছিল, সৌরভের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ দু বছর ধরে প্রায় ছিন্ন৷ তাই সৌরভ খুন করে দেহ লোপাট করে দিতে পারলে হয়তো কেউ সেভাবে তাঁর খোঁজই করবে না৷ কিন্তু সৌরভের দেহ লোপাট করতে যে নীল ড্রামকে মুসকান ও তার প্রেমিক হাতিয়ার করেছিল, সেটির জন্যই তাদের সব পরিকল্পনা ভেস্তে গেল৷
নীল ড্রামেই রহস্য
গত ৪ মার্চ সৌরভকে খুনের পর দেহ টুকরো টুকরো করে কেটে একটি বড় প্লাস্টিকের ড্রামের ভরে সেটির মুখ সিমেন্ট দিয়ে আটকে দেয় মুসকান ও তার প্রেমিক সাহিল৷ খুনের পর প্রথম কিছুদিন তাদের পরিকল্পনা খেটেও গিয়েছিল৷ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সৌরভের পরিবারের সদস্যদের মুসকান জানিয়ে দেয়, সৌরভ মানালিতে ঘুরতে গিয়েছে৷ এর পর নিজে সাহিলের সঙ্গে মানালি গিয়ে সৌরভের মোবাইল ফোন থেকেই সেই সমস্ত ছবি সৌরভের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছাড়তে থাকে৷ সৌরভের বোনকেও মেসেজ করে হোয়াটসঅ্যাপে কথোপকথন চালায় মুসকান৷
যদিও সৌরভ কেন ফোন ধরছেন না, তা নিয়ে সন্দেহ হয় তাঁর পরিবারের সদস্যদের৷ অন্যদিকে মানালি থেকে ফেরার পর সৌরভ যে বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিকও ঘর ছেড়ে দিতে বলেন মুসকানকে৷ ঘর পরিষ্কার করার জন্য কয়েকজন শ্রমিকও আনা হয়৷ তখনই বাঁধে বিপত্তি৷
কী বলছেন সৌরভের মা?
সৌরভের মা রেনুদেবীর দাবি, সৌরভের দেহ টুকরো টুকরো করে যে ড্রামে ভরা ছিল, সেটি সরাতে গিয়ে সন্দেহ হয় শ্রমিকদের৷ কারণ ড্রামটি খুবই ভারী ছিল৷ ড্রামে কী আছে প্রশ্ন করলে মুসকান জানায়, বাড়ির আবর্জনা ও পরিত্যক্ত সামগ্রী রয়েছে৷ এরই মধ্যে ড্রাম সরাতে গিয়ে সেটির মুখের সিমেন্টর সিল কোনও ভাবে খুলে যায়৷ তখন ড্রামের ভিতর থেকে কটূ গন্ধ বেরিয়ে আসে৷ ওই শ্রমিকরাই পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে ড্রামের ভিতর থেকে সৌরভের টুকরো টুকরো করা দেহ উদ্ধার করে৷ জমাট বাঁধা সিমেন্টের ভিতর থেকে সৌরভের দেহাংশ উদ্ধার করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়৷ নিয়ে আসা হয় ড্রিলিং মেশিন৷
নিহত সৌরভের মা আরও জানান, গোটা ঘটনা জানাজানি হয়ে যাবে বুঝতে পেরেই দ্রুত নিজের ভাড়া বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায় মুসকান৷ সেখানে গিয়ে নিজের বাবা-মাকে গোটা ঘটনা জানায় সে৷ এর পরই মেয়েকে নিয়ে থানায় হাজির হন মুসকানের বাবা-মা৷ যদিও সৌরভের মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, জামাইকে খুনের কথা আগেই থেকেই জানতেন মুসকানের মা৷ আইনি ঝামেলা এড়াতে তাঁরা এখন অন্য কথা বলছেন৷
সৌরভের মায়ের আরও দাবি, সম্ভবত সৌরভের মেয়ের সামনেই কোনওভাবে তাঁর দেহ ড্রামে ভরা হয়েছিল৷ কারণ, শিশুটি বার বারই বলছিল বাবা ড্রামের ভিতরে আছে৷ রেনু দেবীর কথায়, ওইটুকু মেয়ে কিছু না দেখলে হঠাৎ কেন এ কথা বলতে যাবে? যদিও পুলিশ জানিয়েছে, সৌরভের দেহ ড্রাম থেকে উদ্ধারের আগে সে বিষয়ে কিছু জানত না ওই শিশুকন্যা৷
Kolkata,West Bengal
March 22, 2025 2:43 AM IST
Meerut Murder Case Chilling Video: মেয়ের জন্মদিন, স্বামীকে খুনের আগে তাঁর সঙ্গেই উদ্দাম নাচ মুসকানের! মেরঠ কাণ্ডে প্রকাশ্যে সৌরভের শেষ ভিডিও