জন্মদিনে নিঃসন্দেহে দিলীপ ঘোষের জীবনে সবথেকে বড় উপহার হিসেবেই এসেছেন তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদার৷ জন্মদিনে দিলীপের জন্য নিজে হাতে পায়েস রেঁধেছেন রিঙ্কু৷ কিন্তু বিয়ের পর প্রথম জন্মদিনে দিলীপকে কী উপহার দিলেন? রাখঢাক না করেই দিলীপ পত্নী রিঙ্কু জানাচ্ছেন, জন্মদিনে দিলীপকে সোনার চেন উপহার দিয়েছেন তিনি৷
দিলীপ ঘোষ অবশ্য জানিয়েছেন, ‘জন্মদিনে বাড়িতে স্পেশ্যাল কোনও মেনু হয়নি৷’ দিলীপের কথায়়, কুমড়ো শাকের তরকারি এবং কাতলা মাছের ঝাল খেয়েছেন তিনি৷ বিয়ের পরেই জন্মদিন কেমন কাটল প্রশ্ন করায় নিজস্ব মেজাজেই দিলীপের জবাব, ‘একই ধাক্কায় দুটো পার হয়ে গেল৷ কেউ ফুল, কেউ মিষ্টি দিয়েছেন, শুভেচ্ছা জানাচ্ছেন৷’
নববিবাহিতা স্ত্রীকে অবশ্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দিলীপ৷ তাঁর কথায়, ‘গিন্নি আমার খাসা, অভিজ্ঞ৷ পারিবারিক দায়িত্ব এতদিন সব পালন করেছেন, নিজের ছেলেকে একা মানুষ করেছেন, জীবনে প্রতিষ্ঠিত করেছেন৷ এখন তিনি নিজের জীবনটা একটু গুছিয়ে নিতে চাইছেন৷ তাঁর এই অভিজ্ঞতা আমার জন্য খুব সহযোগী হবে৷’
তবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চান না রিঙ্কু৷ একই কথা বলছেন দিলীপও৷ তাঁর কথায়, ‘আমরা দু জনেই এখন দলের সাধারণ কর্মী৷ ওঁর তবু একটা পদ আছে, আমার কোনও পদ নেই৷দলের যদি মনে করে ভবিষ্যতে আমাদের কোনও কাজে লাগাবে, তাহলে দেখা যাবে৷’
দিলীপ আরও বলেন, ‘ওঁকে আমি বলেছি, স্ত্রীক হিসেবে যথাযথ সম্মান, অধিকার, মর্যাদা পাবে৷ অন্য অনেকের থেকে বেশিই পাবে৷ ও রেঁধে দিলে খুশি হয়ে খাব, খারাপ হলেও ভাল বলব৷ কিন্তু অন্য স্বামীদের মতো আমি তোমার সঙ্গে ফুচকা খেতে, সিনেমা দেখতে গেলাম বা গঙ্গার ধারে হাওয়া খেতে যেতে পারব না৷ উনি আমাকে পছন্দ করেছেন, আমার জীবনযাত্রা খুবই সাধারণ৷ একটা লক্ষ্য নিয়ে আমি বেঁচে আছি৷ সেটা ওকে মেনে নিতে হবে৷ জীবনে একসঙ্গে এগোব, সমাজের কাজ করব৷’
দিলীপের এই প্রস্তাবে আপত্তি নেই রিঙ্কুরও৷ স্বামীর জীবনযাত্রায় হস্তক্ষেপ করতে চান না তিনি৷ রিঙ্কুর কথায়, তাঁদের মধ্যে এটুকু বোঝাপড়া রয়েছে৷
Kolkata,West Bengal
April 19, 2025 8:38 PM IST