বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

আরও ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭১ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এর ফলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ তার বিরুদ্ধে এখন মোট ৫টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে মামলাগুলোর শুনানি হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, ভার্চুয়ালি আদালতে চিন্ময়কে হাজির করা হয়।

পুলিশ জানায়, সোমবার (৫ মে) আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এরপর মঙ্গলবার পুলিশকে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি, হামলা ও বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া আরও ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়। এসব মামলার একটি দায়ের করেন নিহত আলিফের ভাই।

২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই নির্দেশ ঘিরে আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা সহিংসতা শুরু করে। প্রায় তিন ঘণ্টা তারা প্রিজন ভ্যান ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে লালদিঘি থেকে কোতোয়ালি এলাকা পর্যন্ত।

এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। তার বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আরও ৫টি মামলা হয় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, ককটেল বিস্ফোরণ ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে।

উল্লেখ্য, ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান চিন্ময় কৃষ্ণ দাস, তবে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে এ আদেশের বিরুদ্ধে আপিল করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom