Last Updated:
পশ্চিম মেদিনীপুর: ইতিমধ্যেই কেরল দিয়ে প্রবেশ করেছে বর্ষা। নির্দিষ্ট সময়ের আগেই বর্ষার আগমন। আর এতেই যেন সিঁদুরে মেঘ দেখছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মানুষ। কারণ বন্যার সঙ্গে ঘাটালের সম্পর্ক আজকের নয়।
ঘাটাল এবং বন্যা পারস্পরিক সমার্থক। তাই বর্ষা নামার আগেই সতর্ক জেলা প্রশাসন থেকে মহকুমা প্রশাসন। ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক এবং বন্যা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের তরফে। বিভিন্ন দফতর, প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন মহকুমা শাসক থেকে জেলা প্রশাসকও। তবে আগামী বর্ষাতে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় তার দিকে সচেষ্ট রয়েছে প্রশাসন।
প্রতি বছর ঘাটালে বন্যা একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় গোটা মহকুমা জুড়ে। রাস্তা যেন নদীতে পরিণত হয়। পিচের রাস্তার উপর কোমর সমান জল, আর তার উপরেই চলে নৌকো। স্থলপথ পরিণত হয় জল পথে। ইতিমধ্যেই সাংসদ দেবের উদ্যোগে ঘাটালে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ। তো সেই কাজ সম্পূর্ণ হতে অনেকটাই বাকি। সামনেই বর্ষাকাল তার আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রশাসন।
ইতিমধ্যেই ঘাটাল মহকুমা শাসকের অফিসে বৈঠক করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরী। সঙ্গে ছিলেন ঘাটাল মহকুমা প্রশাসক থেকে জেলা পরিষদের সভাধিপতি, নির্বাচিত জনপ্রতিনিধিরা। তবে এর আগে ঝুমি নদীতে স্পিড বোর্ড চালিয়ে মক ড্রিল করেছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। বন্যা পরিস্থিতিতে মানুষজনকে কীভাবে উদ্ধার করা সম্ভব? বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে কী কী ধরনের সাবধানতা অবলম্বন, মেডিকেল টিম এবং যাবতীয় বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনিক তরফে।
শুধু তাই নয়, ব্লক ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবে চলতি বর্ষা মরশুমে যাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি না হয় এবং সাধারন মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার দিকে সচেষ্ট প্রশাসন।
রঞ্জন চন্দ
Kolkata,West Bengal