Last Updated:
উত্তর ২৪ পরগনা: কিছুটা সাপের মতো দেখতে হলেও, এখন মফস্বল শহরে অনেকাংশেই চাহিদা বেড়েছে কুচে মাছের। তাই রক্তবৃদ্ধিতে সহায়ক ও হার্টের বন্ধু, সাধারণ মানুষের খাদ্য তালিকায় স্থান পাওয়া কুচে মাছ চাষ করেই অশোকনগরের মাছ বিক্রেতা শ্রীকান্ত সরকার মাসে আয় করছেন প্রায় ৩০ হাজার টাকা।
বহুবছর ধরে খাদ্যতালিকায় থাকলেও, এখন সাপের আকৃতির এই মাছ রীতিমতো রোজগারের হাতিয়ার হয়ে উঠেছে অশোকনগর ভাতশালার মৎস্য ব্যবসায়ী শ্রীকান্ত সরকারের কাছে। গত দু’বছর ধরে নিজের বাড়িতেই ছোট আকারে শুরু করেন এই মাছের চাষ। শুধু চাষ নয়, আশপাশের এলাকায় ঘুরে বিক্রি করেন কুচে মাছ।
এলাকার বাজার হোক বা বাইরেও, এখন অর্ডার অনুযায়ী মাছ পাঠান এই ব্যবসায়ী বলেও জানান। বাড়িতে চাষ করলেও, এই কুচে মাছের খাদ্য হিসেবে দিতে হয় ছোট আকৃতির মাছ। এছাড়া তেমন কোন পরিচর্যা নেই বললেই চলে। ক্রেতাদের এই মাছ কেটেই বিক্রি করেন বিক্রেতা শ্রীকান্ত। তবে এখন স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যেও অনেকাংশেই বেড়েছে এই মাছের চাহিদা। পুষ্টিবিদদের মতে, কুচে মাছ প্রোটিন ও আয়রনের উৎস। এটি রক্তবৃদ্ধিতে সহায়ক এবং শরীরে শক্তি যোগাতে কার্যকর।
নিয়মিত কুচে মাছ খেলে হৃদরোগের ঝুঁকিও অনেকাংশে কমে। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হার্টের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। বর্তমানে বাজারে কুচে মাছের দাম প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। তবে অশোকনগরের মানুষজন শ্রীকান্তর কাছ থেকে তাজা এই ধরনের মাছ পেয়ে বেশ খুশি। নিজের উদ্যোগে সফল এই মাছ চাষি বলেন, ইচ্ছাশক্তি থাকলে বাড়িতেই ছোট এধরনের ব্যবসা শুরু করে স্বাবলম্বী হওয়া সম্ভব। এভাবেই কুচে মাছ চাষ ও বিক্রি করেই মাসে এখন প্রায় ৩০ হাজার টাকা রোজগার করছেন অশোকনগরের মাছ ব্যবসায়ী শ্রীকান্ত সরকার।
Rudra Narayan Roy
Kolkata,West Bengal
June 04, 2025 6:11 PM IST