করোনা টিকাদানের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, নির্দিষ্ট কিছু পেশার সম্মুখসারির কর্মী ও ৫৫ বছর বয়সীরা নিবন্ধন ও টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ৭ ফেব্রুয়ারি টিকা দেওয়ার শুরুর দুই দিন পরই সরকার বয়সসীমা কমিয়ে ৪০ বছর করে। এরপর বিভিন্ন সময় সরকার বয়সসীমা ৩৫, ৩০ ও ২৫ বছর করেছে।
বয়স যত কমেছে, প্রবীণেরা নিবন্ধনের ক্ষেত্রে তত পেছনে পড়েছেন। আইসিটি বিভাগের পরিসংখ্যান বলছে, মোট নিবন্ধনের ৪১ শতাংশের বয়স ৪০ বছরের কম। এ পর্যন্ত এই বয়সীদের মধ্যে মৃত্যুহার ৯ শতাংশ। আর টিকার ৩২ শতাংশ পেয়েছেন এই বয়সীরা।