এর আগে যা খবর মিলেছিল, তা সম্পূর্ণ সত্যি না-ও হতে পারে! দীর্ঘ দিন ধরেই অপেক্ষায় থাকা ভারতে জিওফোন নেক্সট (Jio Phone Next)-এর দাম হতে চলেছে একটু বেশি। সূত্র মারফত জানা গিয়েছে যে ভারতের বাজারে এই জন্যই জিওফোন নেক্সট-এর আবির্ভাব হতে একটু সময় লাগছে।মনে করা হচ্ছে এবারের দীপাবলীর সময় এই ফোন বাজারে আসতে পারে।
জিওফোন নেক্সট-এর দাম বেশি হতে চলেছে মূলত দুই কারণে, আন্তর্জাতিক বাজারে মোবাইলের নানা পার্টসের দাম বেড়ে গিয়েছে এবং করোনা পরবর্তী সময়ে সেগুলো আমদানি করতেও খুব বেশি সময় লাগছে। সেপ্টেম্বরের ১০ তারিখ জিওফোন নেক্সট ভারতের বাজারে লঞ্চ করার কথা ছিল। জিও কোম্পানির ৪৪তম বার্ষিক সাধারন সভায় যা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা সময় মতো করা যায়নি। জিও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে আন্তর্জাতিক বাজারে মোবাইলের নানা পার্টস ও সরঞ্জামের অভাব দেখা দিয়েছে, এছাড়াও বর্তমান সময়ে সেগুলো আমদানি করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রধানত এই কারণেই ভারতের বাজারে জিওফোন নেক্সট-এর আবির্ভাব ঘটতে একটু সময় লাগছে। কোম্পানির তরফে কিছু না জানানো হলেও, মনে করা হচ্ছে এর ফলে ভারতের বাজারে জিওফোন নেক্সট-এর দাম একটু বেশিই হতে চলেছে।
জিও কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, তাদের এই জিওফোন নেক্সট হতে চলেছে ৫,০০০ টাকার মধ্যে সব থেকে সস্তা 4G নেটওয়ার্ক যুক্ত স্মার্টফোন। ভারতে 4G নেটওয়ার্কের ক্ষেত্রে তাদের জিও সিম (Jio) খুবই জনপ্রিয়। কম দামে পরিষেবা দিয়ে এই সংস্থা ইতিমধ্যেই ভারতের টেলিকম সেক্টরে এক অনন্য নজির সৃষ্টি করেছে। এর ফলে তাদের এই কম দামের স্মার্টফোন নিয়েও মানুষের মধ্যে প্রবল উৎসাহ ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি ও করোনা মহামারীর ফলে বদলাতে চলেছে জিওফোন নেক্সট-এর ভবিষ্যৎ।
আরও পড়ুন: মোবাইলে Netflix দেখতে চান? মাত্র কয়েকটি জিনিস মাথায় রাখলেই হল…
প্রসঙ্গত, জিওফোন নেক্সট হল গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের (Google’s Android Operating System) অপটিমাইজড ভার্সন (Optimised Version)। 4G নেটওয়ার্কের এই স্মার্টফোনটিতে পাওয়া যাবে ডবল সিমের সুবিধা। অত্যাধুনিক ফিচার যুক্ত 4G স্মার্টফোন জিওফোন নেক্সট নিয়ে ইতিমধ্যেই সকলের মনে একটা উৎসাহের সৃষ্টি হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির ফলে জিওন নেক্সট-এর আবির্ভাব হতে একটু সময় লাগছে। দীপাবলীর সময় এই ফোন বাজারে এলেও এর দাম কিন্তু একটু বেশিই হতে পারে!