শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৬ সময় দেখুন
চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হার্ডজীপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করে সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিম।

গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে পুলিশ জানিয়েছে।

সিএমপির ডিবি (বন্দর/পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বিপিএম-সেবার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা-মেট্রো-ঘ-১৮-১৩১৭ নম্বরের একটি কালো রঙের হার্ডজীপ গাড়িও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সদস্য হিসেবে পরিচয় দেন। এ বিষয়ে পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর