Zero-Click Hacks: সংস্থা তাদের মতো করে চেষ্টা করবে ইলেকট্রনিক ডিভাইসকে হ্যাকিং প্রুফ করে তোলার, ইউজার থাকবে সতর্ক। অন্য দিকে, সবার সব চেষ্টা বানচাল করার জন্য হ্যাকাররা মাথা খাটিয়ে বের করবে নিত্য নতুন পদ্ধতি। এই পর্যন্ত ব্যাপারটা একরকম, অনেকটা ডারউইনের সারভাইভাল অফ দ্য ফিটেস্ট সূত্রের মতো, টিকে থাকা জরুরি বাজারে! কিন্তু জিরো ক্লিক হ্যাকিং (Zero Click Hacking) নিয়ে সম্প্রতি সমীক্ষা যা বলছে, তাতে দেখা যাচ্ছে যে, বিষয়টা আর খুব একটা সহজ-সরল জায়গায় দাঁড়িয়ে নেই।
এই প্রসঙ্গে Alaraby নামের এক আরব সাংবাদিক মাধ্যমের কর্মী রানিয়া দ্রিদির (Rania Dridi) কথা উল্লেখ করাটা দরকার। এই সাংবাদিক জানিয়েছেন যে শত সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও হ্যাকারদের পাল্লায় পড়ে তাঁর বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তছনছ হয়ে গিয়েছে, ভাবমূর্তির ভরাডুবি হয়েছে বাজারে। বুঝে নিতে অসুবিধা নেই, সাংবাদিক হওয়া সত্ত্বেও দ্রিদি যখন হ্যাকিং ঠেকাতে পারেননি, তখন নানা দিক থেকে অনভিজ্ঞ সাধারণ জনতার বিপদ অনেক বেশি।
কিন্তু আদতেই কি ছবিটা তাই? সত্যিই কি সাধারণ জনতা বিপদের মুখে?
নয় বললে সত্যের অপলাপ হয়। তবে, বিপদটা বিশেষ করে বেশি এক নির্দিষ্ট শ্রেণির জন্য। সেই দলে পড়ছেন মূলত সমাজকর্মী এবং সাংবাদিকেরা। এই তথ্য পেশ করেছে Bloomberg News। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে- বেছে বেছে এই দুই শ্রেণিকেই কেন টার্গেট করা হচ্ছে?
আরও পড়ুন – বিশ্বের শক্তিশালী এই প্রসেসর-সহ সেরা স্মার্টফোনগুলি, দেখে নিন এক নজরে
আরও পড়ুন – ব্যাঙ্ক থেকে হঠাৎ গায়েব টাকা! কোন কোন কৌশলে হতে পারে প্রতারণা, সতর্ক থাকবেন কীভাবে ?
টরন্টো ইউনিভার্সিটির সিটিজেন ল্যাব (Citizen Lab) নামের রিসার্চ গ্রুপের তরফে বিল মার্কজ্যাক (Bill Marczak) দাবি তুলেছেন যে সমাজকর্মী এবং সাংবাদিকের কার্যকলাপের উপরে নজর রাখার জন্য সরকারি স্তরে জিরো ক্লিক হ্যাকিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন প্রযুক্তি সংস্থা এই কৌশল নানা ভাবে প্রয়োগের উপায় বিক্রি করছে সরকারি সংগঠনের কাছে। এই প্রসঙ্গে ম্যাকজ্যাক Paragon, Candiru এবং Cognyte Software Ltd নামের তিন ইজরায়েলি সংস্থার দিকে আঙুলও তুলেছেন।
সংস্থারা যে জিরো ক্লিক হ্যাকিংয়ের পরিষেবা সরকারকে সরবরাহ করছে, সেই তথ্যে সিলমোহর দিচ্ছে ২০১৯ সালের এক মামলাও। সেবার Facebook অভিযোগ করেছিল যে NSO Group নামে এক সংস্থা ১৪০০ ইউজারের WhatsApp অ্যাকাউন্ট জিরো ক্লিক হ্যাকিংয়ের সাহায্যে জবরদখল করেছে। NSO Group সেই অভিযোগ উড়িয়ে দেয় এবং সুষ্ঠু প্রমাণও পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে।
তা বলে বিপদ কিন্তু কাটছে না! Bloomberg News-এর কাছে এশিয়ার এক দেশের প্রযুক্তিবিদ যেমন স্বীকার করেই নিয়েছেন যে জিরো ক্লিক হ্যাকিংয়ের কৌশল বিক্রি করে তিনি অগাধ উপার্জন করেছেন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।