কর্পোরেট সংবাদ ডেস্ক : শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার অভিযোগে কারাগারে পাঠানো মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১০ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়ার আদালতে তার জামিন মঞ্জুর হয়।
এতে বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিজ্ঞ বিচারক ৫ হাজার টাকা বন্ডে হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুরের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হৃদয় মণ্ডলের আইনজীবী শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।
এর আগে জামিনের জন্য গত ৪ এপ্রিল আবেদন করেন তার আইনজীবী। মামলাটিতে আসামির জামিন শুনানির জন্য ১০ এপ্রিল শুনানির জন্য ধার্য করেন মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন।
গত ২০ মার্চ মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির ক্লাসে বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হৃদয় মণ্ডল। তিনি ধর্মকে একটি ‘বিশ্বাস’ এবং বিজ্ঞানকে ‘প্রমাণভিত্তিক জ্ঞান’ হিসেবে ব্যাখ্যা করেন। গোপনে তার বক্তব্যের অডিও ধারণ করে এক শিক্ষার্থী।
ক্লাস শেষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদের কাছে ওই শিক্ষকের নামে ধর্ম অবমাননার অভিযোগ দেয়। প্রধান শিক্ষক কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে শিক্ষক হৃদয় মণ্ডলকে জবাব দিতে বলেন। তবে এর আগেই বিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা জোটবদ্ধ হয়ে হৃদয় মণ্ডলের শাস্তির দাবিতে স্কুলে মিছিল বের করে।
বিদ্যালয় চত্বরের পাশের রিকাবীবাজার এলাকাতেও মিছিল হয়। এই মিছিলে বহিরাগতরা উসকানি দেয় বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রধান শিক্ষক পরিস্থিতি সামাল দিতে পুলিশ, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের খবর দেন। স্কুলে গিয়ে তারা শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে ভেস্তে যায় সেই আলোচনা। একপর্যায়ে হৃদয় মণ্ডলকে থানায় নিয়ে যায় পুলিশ। রাতে তার নামে মামলা করেন স্কুল সহকারী মো. আসাদ এবং ২২ মার্চ তাকে পুলিশ গ্রেপ্তার করে।
হৃদয় চন্দ্র মণ্ডলের আইনজীবী আমানুল্লাহ বলেন, ২২ মার্চ হৃদয় মণ্ডলের গ্রেপ্তারের পরদিনর জামিন চাইলে বিচারক আবেদন গ্রহণ করেননি। পরে ২৮ তারিখ আবারও জামিন আবেদন করা হয়। সেদিনও জামিন মেলেনি। এরপর জজ আদালতে জামিনের জন্য আবেদন করি।
আরও পড়ুন :