শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

‘গ্রহণযোগ্য নির্বাচন দিলে বুঝতে পারবেন তারেকের জনপ্রিয়তা কত’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
‘গ্রহণযোগ্য নির্বাচন দিলে বুঝতে পারবেন তারেকের জনপ্রিয়তা কত’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, ‘দে‌শে গ্রহণযোগ্য, ভালো নির্বাচন দিন, তাহলেই বুঝতে পারবেন তারেক রহমান কোন জায়গায় আছেন, তার জন‌প্রিয়তা কত ?’

শ‌নিবার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ মানববন্ধন আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকারকে বলব পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকার দিন, নিরপেক্ষ নির্বাচন হোক। সে নির্বাচনে তারেক রহমান এবং আমাদের দল যত ভোট পাবে, তা ৭০-এর নির্বাচনকেও অতিক্রম করবে।’

দে‌শের বর্তমান প‌রি‌স্থি‌তি তু‌লে ধ‌রে তিনি ব‌লেন, ‘দেশে রিজার্ভ শূন্য, তেল কেনা যাচ্ছে না, বিদেশ থেকে কোনো কিছু আমদানি করা যাচ্ছে না। এই সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে, নিদারুণ এক সংকটের দিকে যাচ্ছে দেশ।’

দুদু বলেন, ‘সরকার এখনো বলছে এটা সাময়িক কিন্তু এ দেশের সকল অর্থনীতিবিদ বলছে এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। আমরা শুধু ব্যক্তিগতভাবে মনে করি না, দলগতভাবে মনে করি না, বিশ্বের কাছ থেকে, এদেশের জনগণের কাছ থেকে যে খবর পাই, তাতে বোঝা যায়, এই সরকার আর বেশি দিন থাকতে পারবে না।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য এদেশের মানুষ এক সাগর রক্ত দিয়েছে। সেই গণতন্ত্র এখন আর নাই। ভোটের অধিকার নাই। দুর্নীতিতে বাংলাদেশ সারা বিশ্বে অন্যতম স্বীকৃতি পেয়েছে। এই সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে গত ৫০ বছরে এরকম দুর্নীতি অন্য কোনো সরকারের আমলে এদেশের জনগণ দেখে নাই।’

সরকারের উদ্দেশে দুদু বলেন, ‘এদেশের মানুষ গণতন্ত্রকে এত ভালবাসে যে, এই গণতন্ত্রের জন্য তারা রক্ত দিয়েছে। পৃথিবীতে অন্য কোন দেশ গণতন্ত্র ও স্বাধীনতার জন্য এক সাগর রক্ত দিয়েছে এরকম দৃষ্টান্ত নাই। গণতন্ত্রের প্রশ্নে এ দেশের মানুষ কখনো আপস করে না। সরকার যদি সতর্ক না হয় তাহলে তাদের খেসারত দিতে হবে। গণতন্ত্র ধ্বংস করা পরিণাম বড় নির্মম হবে।’

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমাদেরকে উঠে দাঁড়াতে হবে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন বছর যাবত বন্দি, তারেক রহমান প্রবাস জীবন যাপন করছে তাদের ফিরিয়ে আনার জন্য, দেশে গণতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনো পথ আছে বলে আমি মনে করি না।’

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপ‌তি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ, জিনাফ এর সভাপ‌তি মিয়া মো. আ‌নোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আ‌ন্দোলনের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন, জাতীয় দ‌লের যুগ্ন আহবায়ক কাজী ম‌নির প্রমুখ।

সারাবাংলা/এজেড/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর