শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সম্মেলন করতে গেলে শক্তি প্রদর্শন হবে কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১০৯ সময় দেখুন
সম্মেলন করতে গেলে শক্তি প্রদর্শন হবে কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সম্মেলন মানেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। আমরাতো পাল্টাপাল্টিতে নেই। কারো সঙ্গে মারামারিতে নেই। আমাদের সম্মেলন করতে পারবো না? সম্মেলন করতে গেলে এটা কেন শক্তি প্রদর্শন হবে?

রাজপথে শক্তি দেখিয়ে নির্বাচন সুষ্ঠু করা যাবে না- প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্যের জবাবে শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ওবায়দুল কাদের।

সিইসিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাংবিধানিক কর্মকর্তা বলেছেন শক্তি প্রদর্শন। স্বাচিপের আজ মিটিং দেখেন। আমাদের সম্মেলন করতে পারবো না? সম্মেলন করতে গেলে এটা কেন শক্তি প্রদর্শন হবে?

তিনি বলেন, সারা বাংলায় সম্মেলন হচ্ছে। আওয়ামী লীগের সম্মেলন মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। আমরা পাল্টাপাল্টিতে নেই। আমরা কারো সাথে মারামারিতে নেই। কিন্তু মনে রাখবেন, ভয় দেখিয়ে লাভ নেই। বঙ্গবন্ধুকন্যা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।

সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, জনগণকে দেখানোর মতো বিএনপির কোনো কাজ নেই, উন্নয়ন নেই? তাই দিনের আলোতে তারা (বিএনপি) রাতের অন্ধকার দেখে।

তিনি বলেন, গতকালও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন আমরা নাকি রক্ত ঝরাই। রক্ত আমরা না আপনারাই ঝরান। ১৫ আগস্টের রক্তের দাগ, ৩রা নভেম্বরের রক্তের দাগ, ২১ আগস্টের রক্তের দাগ আপনাদের হাতে। আহসান উল্লাহ মাস্টার, এসএম কিবরিয়া, মঞ্জুরুল ইমাম, এদের রক্তের দাগ আপনাদের হাতে। ২১ হাজার আওয়ামী লীগ কর্মী হত্যার রক্তের দাগ আপনাদের হাতে।

ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার করে কোনো লাভ নেই। নেতিবাচক রাজনীতি, সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার জন্য আপনাদের আন্দোলনের পতন হবে, নির্বাচনেও পতন হবে।

খেলা হবে ডিসেম্বরে, খেলা হবে আগামী নির্বাচনে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান ভাইস প্রেসিডেন্ট বলে গেছেন, অসাধারণ উন্নয়নে পৃথিবীকে চমকে দিয়েছে বাংলাদেশ।

এর আগে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর তিনটার পর জাতীয় পতাকা ও স্বাচিপের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনটির উদ্বোধন করা হয়। স্বাচিপের মহাসচিব ডা. এম এ আজিজ সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি তার বক্তব্য তুলে ধরেন। সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর