শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

‘সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে, তাদের পা আস্ত থাকবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
‘সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে, তাদের পা আস্ত থাকবে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে, তাদের পা আস্ত থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁমিয়ারি উচ্চারণ করেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ সকল কারাবন্দির মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল এ সমাবেশ আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, ‘এই দানব সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আর যারা নির্বাচনে যেতে চান বা যাবেন, তাদের কারও পা আস্ত থাকবে না।’

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রাজনৈতিক আচরণ শিখুন। মানুষকে সম্মান দিয়ে কথা বলুন, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু কখনও আজকের প্রধানমন্ত্রী বিরুদ্ধে খারাপ কথা বলেননি।’

মির্জা আব্বাস বলেন, পুলিশের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। পুলিশের উন্নয়ন হবে, তাদের সন্তানেরা ভালো থাকবে, ভালো খাবে, এতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু ওই জায়গায় যদি পুলিশকে ঘুষ দেওয়া হয়, আওয়ামী লীগের কর্মচারীর মতো ব্যবহার করা হয়, তাহলে আমাদের আপত্তি রয়েছে। পুলিশকে পুলিশের আচরণ করতে হবে। আমরা ট্যাক্স দেই। আমাদের ট্যাক্সে আপনার বেতন হয়। আপনি গণতন্ত্র প্রজাতন্ত্রের কর্মচারী। আপনি আওয়ামী লীগের কর্মচারী নন।’

‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়’— আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে কখনই ভয় পায়নি। এ যাবৎকাল বিএনপি তিনবার ক্ষমতায় গেছে, কিন্তু কখনও ভোট চুরি করে যায়নি।’

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন? তত্ত্বাবধায়ক সরকার তো আপনাদের দাবি, বিএনপির দাবি নয়, কখনও ছিল না। আপনারাই নির্বাচনে ভয় পান, দেশের জনগণকেও ভয় পান। কারণ, আপনারা যে লুটপাট করেছেন তার বিচার তো একদিন হবেই। সে কারণেই আপনারা জনগণকে ভয় পান।’

সংলাপ প্রশ্নে মির্জা আব্বাস বলেন, আমরা কোনো সংলাপ চাইনি, আমরা চেয়েছি সরকারের পদত্যাগ। আপনারা (সরকার) অনেক চুরি করেছেন, অনেক ডাকাতি করেছেন। সুতরাং আপনারা এখন চলে যান। বিদায় হন। এ দেশের জনগণকে বাঁচান।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘আওয়ামী লীগের নেতারা সবসময় বলেন- জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি নাকি পাকিস্তানের চর ছিলেন। তাহলে ৭২ সালে ক্ষমতায় ছিল কারা? আপনার (প্রধানমন্ত্রী) বাবা-ই তাকে (জিয়াউর রহমান) বীর উত্তম উপাধি দিয়েছিলেন। তাহলে তো আপনার বাবার শাস্তি হওয়া উচিৎ।’

সরকারের উদ্দেশে বরকত উল্লাহ বুলু বলেন, ‘যদি মনে করেন দেশে ২০১৪ সালের মতো আরেকটি নির্বাচন হবে, তাহলে ভুল করবেন। এই দেশে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে।’

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুব দলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, গোলাম মোস্তফা সাগর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যোগাযোগ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন প্রমুখ।

সারাবাংলা/ এজেড/ এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর