ডিএমপি নিউজ : আজ বুধবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় জানুয়ারি-জুন মেয়াদের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডসভায় চলতি সপ্তাহের শুরুতেই মুদ্রানীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্দেশিত ‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে ডলারের বাজার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন গভর্নর।
দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান কাজ। গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ শতাংশে ও আগামী জুনের মধ্যে তা ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল কেন্দ্রীয় ব্যাংকের। মুদ্রানীতির খসড়ায় মুদ্রানীতি কমিটিতে গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি রয়েছেন অর্থনীতিবিদ সাদিক আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমীন।
২০২২ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর তৃতীয় মুদ্রানীতি নিয়ে আসছেন আব্দুর রউফ; যেটি প্রণয়নের ক্ষেত্রে এবার সচরাচর পদ্ধতির বাইরে গিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর পরামর্শে ভিন্ন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানা গেছে।