শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

কমলগঞ্জের রেল ক্রসিং এলাকা থেকে কেটে নেয়া গাছ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ সময় দেখুন
কমলগঞ্জের রেল ক্রসিং এলাকা থেকে কেটে নেয়া গাছ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশনের রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে ৯টি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেটে নেওয়া গাছের খণ্ডাংশ উদ্ধার করেছে বন বিভাগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন বিভাগ জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগ সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাতে রেলওয়ে স্টেশন এলাকার সড়কের পাশের সৌন্দর্যবর্ধনকারী গাছগুলো কেটে নেয় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় খবর পাওয়া যায়, গাছগুলোর খণ্ডাংশ কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের নজব আলীর ছেলে মহসিন মিয়ার বাড়িতে রাখা আছে। খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়ি থেকে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করে জানান, এলাকায় প্রায়ই বনাঞ্চলের গাছ চুরি হলেও বন বিভাগ তেমন গুরুত্ব দেয় না। এখন রাস্তার পাশের গাছও কেটে নেওয়া হচ্ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুমন আলী বলেন, “বৃহস্পতিবার রাতে গাছগুলো কেটে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বন বিভাগ উদ্ধার অভিযান চালালে আমি সহযোগিতা করি। ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার হয়েছে।”

এ বিষয়ে স্থানীয় পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু বলেন, “আমার নির্বাচনী এলাকার রাস্তার পাশের ৯টি গাছ কেটে নেওয়া হয়েছে। বন বিভাগ গাছ উদ্ধার করেছে। দ্রুত সময়ে দুর্বৃত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার পাশ থেকে প্রায় ৯টি গাছ কেটে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom