কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভোজ্য তেলের দোকানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অবস্থিত নুরুল স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল আমিন হোসেন।
অভিযানকালে দেখা যায়, উক্ত দোকানে প্রায় ৩,৫০০ লিটার ভোজ্য তেল মজুদ রাখা হয়েছে। এছাড়া ময়লাযুক্ত ও অস্বাস্থ্যকর ভোজ্য তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দোকান মালিককে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এসময় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন সেনাবাহিনী, র্যাব এবং কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকস দল।