দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রাম আদালতকে সক্রিয়করণের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়ক এনামুল ও মোস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ জনপদের ছোট ছোট অনেক বিরোধ ও মামলা স্থানীয়ভাবেই সহজে নিষ্পত্তি করা সম্ভব হবে। এর ফলে জনগণের সময় ও অর্থ দুই-ই বাঁচবে। এমনকি গ্রাম আদালতের রায়কে উচ্চ আদালতও যথাযথ মূল্যায়ন করে থাকেন।”
প্রকল্প সমন্বয়কারীরা জানান, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করতে তারা প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রামের হাট-বাজারে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করছেন এবং সচেতনতামূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন।