দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
কুষ্টিয়ার দৌলতপুরে জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সেন্টার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সেন্টার মোড় এলাকায় কতিপয় ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে চড়া দামে বিক্রি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ।
অভিযান চলাকালীন মজনু ও মিরাজ নামক দুই ব্যবসায়ীর দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মিরাজের দোকানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, “অতিরিক্ত দামে তেল বিক্রয়ের সুনির্দিষ্ট অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে যারা কৃত্রিম সংকট তৈরি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।