বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অবিশ্বাসের বিশ্বে যুদ্ধ-সংঘাতের সঙ্গী দুর্যোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
অবিশ্বাসের বিশ্বে যুদ্ধ-সংঘাতের সঙ্গী দুর্যোগ


আতিকুল ইসলাম ইমন

বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে নতুন এক সংকটের মধ্যে ফেলে দেয়। সে অবস্থায় অনেক ইতিবাচকতার আশাবাদে শুরু হয়েছিল ২০২৩ সাল। সবার প্রত্যাশা ছিল, যুদ্ধ-সংঘাত পেরিয়ে শান্তির পথে হাঁটবে পৃথিবী। তবে সে আশার গুড়ে বালি পড়েছে। বিশ্ব আরও আরও বেশি জড়িয়ে পড়েছে সংঘাতে। বছরজুড়ে বিশ্বের বিভিন্ন এলাকাতেই দেশের মধ্যে বিভিন্ন গোষ্ঠী কিংবা দেশের সঙ্গে দেশ জড়িয়ে পড়েছে সশস্ত্র লড়াইয়ে। আর সেই সঙ্গে এ বছর উল্লেখযোগ্য কিছু প্রাকৃতিক দুর্যোগও হানা দিয়েছে। সব মিলিয়ে এক মানবিক সংকটের মুখোমুখি হয়েছে অনেক অঞ্চল।

বিশ্ব রাজনীতির পরাশক্তিগুলোর মধ্যেকার দ্বন্দ্ব এ বছরও নিরসনের পথে হাঁটেনি। তাদের মধ্যেকার দ্বন্দ্ব আর বিরোধগুলো নানাভাবেই স্পষ্ট হয়ে উঠেছে। আর এই রাজনীতিতে অন্যতম বড় অংশ হিসেবে যুক্ত হয়েছে অর্থনীতি এবং অর্থনৈতিক কূটনীতি। এর ভিত্তিতে দেশে দেশে জোট তৈরি হলেও সবই সীমিত পরিসরে একান্তই স্বার্থসংশ্লিষ্টতার গণ্ডিতে আবদ্ধ। সার্বিকভাবে বিশ্বকে মানবিক বিপর্যয় থেকে উত্তরণের পথে দেখা যায়নি বৃহত্তর কোনো উদ্যোগ।

এ অবস্থাতেই শেষ হচ্ছে ২০২৩ সাল। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েও মানুষের স্বাভাবিক প্রবণতা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করা, সবকিছুর মধ্যেও ভালো কিছু খুঁজে বের করা। ২০২৪ সালের জন্যও নিশ্চয় তাই থাকবে ইতিবাচকতার আশাবাদ। তার আগে একনজরে দেখে নেওয়া যাক শেষ হতে যাওয়া ২০২৩ সালে আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ব্রাজিলের কংগ্রেসে হামলা

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থি সমর্থকরা। ঠিক একই কায়দায় চলতি বছরের শুরুতেই আরেক কাণ্ড ঘটেছে ব্রাজিলে। এ বছরের ৯ জানুয়ারি দেশটির ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকরা কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালায়। তাদের তাণ্ডবে ব্রাজিলের ক্ষমতার কেন্দ্রস্থল তিনটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি। এ ঘটনায় তাৎক্ষণিক ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার গভর্নরকে বরখাস্ত করেন দেশটির সুপ্রিম কোর্ট।

গত ৩০ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়। এতে বামপন্থি সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জয় পান। এর পরপরই কয়েক মাস ধরে উত্তপ্ত ব্রাজিলের রাজনৈতিক পরিবেশ আরও তাঁতিয়ে উঠে। গত ২ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লুলা। একই দিন কংগ্রেসে দেওয়া ভাষণে ব্রাজিল পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। অন্যদিকে নির্বাচনে হেরে যাওয়ার পর জালিয়াতি ও কারচুপির অভিযোগ তোলেন জইর বলসোনারো। লুলার ক্ষমতাগ্রহণের এক সপ্তাহ না পেরোতেই ৯ জানুয়ারি ব্রাজিলের তিন গুরুত্বপূর্ণ ভবনে হামলা চালায় বলোসোনারোর সমর্থকরা। তারা মিছিল নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ভবন ও সুপ্রিম কোর্টে হামলা চালায়।

আদানি গ্রুপের শেয়ার পতন

২০২৩ সালে বড় রকমের ধাক্কা খায় ভারতীয় জায়ান্ট কোম্পানি আদানি গ্রুপ। মাত্র তিন দিনের ঝড়ে আদানি সাম্রাজ্য টালমাটাল হয়ে ওঠে। ২৭ জানুয়ারি শেয়ারবাজারে দুই সেশনে ৫১ বিলিয়ন মার্কিন ডলার হারায় ভারতের ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপ। ২ ফেব্রুয়ারি পর্যন্ত আদানির ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়।

মার্কিন শর্ট সেলার হিনডেনবার্গ রিসার্চের এক গবেষণা প্রতিবেদন প্রকাশের পর এমন ধাক্কা খায় আদানি সাম্রাজ্য। হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে দাবি করা হয়, আদানির প্রতিষ্ঠানের শেয়ার দর কারসাজির মাধ্যমে অতিমূল্যায়িত করা হয়েছে। আর এতেই আদানি ওপর আস্থা হারান বিনিয়োগকারীরা।

চীনের নজরদারি বেলুন মার্কিন আকাশে, সম্পর্কে অবনতি

গত ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে বিশাল বেলুন শনাক্ত করা হয়। বেলুনটি ভূপৃষ্ঠ থেকে ৪৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। মন্টানাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি পারমাণবিক মিসাইল সাইলো রয়েছে। বেলুনটি আমেরিকার ওপর গোয়েন্দা নজরদারি চালাচ্ছে বলে দাবি করে পেন্টাগন। তবে তাৎক্ষণিক বেলুনটি ধ্বংস করেনি যুক্তরাষ্ট্র। তিন দিন পর এটি ভূসীমা ত্যাগ করে সমুদ্রসীমার ওপর উড়ে গেলে সেখানে মিসাইল মেরে ধ্বংস করা হয়। বেলুনটি ধ্বংসাবশেষ বিস্তৃত সমুদ্র থেকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র।

বেলুনটি ধ্বংসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, ভবিষ্যতে চীনের আকাশে এমন মার্কিন বেলুন দেখা গেলে একই ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে বেইজিং। বেইজিং বেলুনের ধ্বংসাবশেষ ফেরত চাইলে ওয়াশিংটন সেই অনুরোধও প্রত্যাখ্যান করে। এই সংকটে তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের নির্ধারিত চীন সফর স্থগিত হয়ে যায়।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি

ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। ৬ ফেব্রুয়ারি ভোরে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় আঘাত হানে প্রথম ভূমিকম্প। প্রথম ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৭। এর কিছুক্ষণ পর দ্বিতীয় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। দুই বড় ভূমিকম্পের পর ওই অঞ্চলটি আরও ৯ হাজারেরও বেশি আফটারশক অনুভূত হয়। এতে গোটা এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে।

এছাড়া এ বছরের ৮ সেপ্টেম্বর মরোক্কোতে ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ বছরের অক্টোবরে আফগানিস্তানের হেরাত প্রদেশে ভূমিকম্পে প্রায় চার হাজার প্রাণহানি ঘটেছে

চীনের মধ্যস্থতায় সৌদি আরব-ইরানের সম্পর্ক উন্নতি

গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় সম্পর্কে জোড়া লাগাতে সম্মত হয়ে এক চুক্তি সই করে ইরান ও সৌদি আরব। এর পর ৬ এপ্রিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। ২০১৬ সালের পর সরকারি পর্যায়ে এটিই ছিল প্রথম বৈঠক। গত ৬ জুন সৌদি আরবের রিয়াদে ফের দূতাবাস চালু করে ইরান।

সুদানে দুই বাহিনীর লড়াই

গত ১৫ এপ্রিল সুদানের রাজধানীতে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই শুরু হয় দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফের। সুদানের সেনাবাহিনীর নেতৃত্ব দেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক বাহিনীর নেতৃত্বে জেনারেল মোহাম্মদ দাগালো। দুই পক্ষই সুদানের ক্ষমতা দখলের চেষ্টা করছে। রাজধানী খার্তুমসহ দেশটির প্রায় সব বড় শহরেই তুমুল লড়াই করে দুই পক্ষ। এতে দেশটিতে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। প্রাণ বাঁচাতে হাজারও মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন অনেকেই।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর থেকে সুদানে কোনো কার্যকর সরকার নেই। সে সময় এক অভ্যুত্থানে সেনাবাহিনী তৎকালীন প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোকের অন্তর্বর্তীকালীন সরকারকে বরখাস্ত করেছিল। তখন থেকেই দেশটিতে জরুরি অবস্থা চলছে।

চীনকে ছাপিয়ে জনসংখ্যায় শীর্ষে ভারত

এ বছর চীনকে ছাপিয়ে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ হয়েছে ভারত। জনসংখ্যার নিরিখে বিশ্বের এক নম্বরে উঠে এল ভারত। গত এপ্রিলে জনসংখ্যায় চীনকে পেছনে ফেলে ভারত।

১৯ এপ্রিল জাতিসংঘের ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনপিএফ) জানিয়েছে, ভারতের জনসংখ্যা এখন ১৪২.৮ কোটি, আর চীনে ১৪২.৫ কোটি। অর্থাৎ, চীনের থেকে ভারতের জনসংখ্যা অন্তত ২৯ লাখ বেশি।

মণিপুরে জাতিগত দাঙ্গা

২০২৩ সালে বড় এক জাতিগত সহিংসতা ঘটে যায় ভারতে। দেশটির মণিপুর রাজ্যের কুকি উপজাতির সঙ্গে স্থানীয় সংখ্যাগরিষ্ঠ মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত হন।

মেইতেই সম্প্রদায়কে আদিবাসী তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা তৈরি হলে আদিবাসী সংগঠনগুলো ৩ মে বিক্ষোভ শুরু করে। অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর (এটিএসইউএম) এই বিক্ষোভের ডাক দেয়। উপজাতি সংহতি মার্চ চলাকালীন চূড়াচাঁদপুর জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৫৪ জন প্রাণ হারান।

এরপর বছরজুড়েই দাঙ্গা, সহিংসতা চলতে থাকে মণিপুরে। মেইতেই ও কুকি সম্প্রদায়ের জাতিগত দাঙ্গায় কমপক্ষে ১৮০ জনের প্রাণহানি হয়েছে। ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

পাকিস্তানে ইমরান খান জেলে, নওয়াজের প্রত্যাবর্তন

২০২২ সালে ক্ষমতাচ্যুতির পরের বছর আরও কঠিন হয়ে ওঠে ইমরান খানের জন্য। বছরজুড়ে তার মামলা ও গ্রেফতারের খবরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত। ৯ মে আল-কাদির দুর্নীতি মামলায় ইসলামাবাদের আদালত চত্বর থেকে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। এরপর ১২ মে তাকে দুই সপ্তাহের জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট।

পরে  দ্বিতীয়বারের মতো ৫ আগস্ট লাহোরের বাড়ি থেকে গ্রেফতার হন ইমরান। এদিন তার বিরুদ্ধে তোষখানা দুর্নীতি মামলার রায় দেন আদালত। এতে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তিন বছরের জেল ও এক লাখ রুপি জরিমানায় দণ্ড হয় তার। এতে তিনি পাকিস্তানে নির্বাচনের জন্যও অযোগ্য ঘোষিত হন।

ইমরানের কারাভোগের মাঝে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্ব-আরোপিত নির্বাসনে শেষে দেশে ফেরেন। ২১ অক্টোবর তাকে বহনকারী একটি চার্টার্ড ফ্লাইট পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্লোগান, গান ও ফুলেল শুভেচ্ছায়  স্বাগত জানান তার দল পিএমএল-এন নেতাকর্মীরা।

জমকালো অভিষেকে চার্লসের মাথায় রাজমুকুট

যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস এক বছর আগে ক্ষমতা পেলেও সিংহাসনে রাজ্যাভিষেক হয় এ বছরের ৬ মে। এদিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রায় ১০০ বিশ্বনেতার সামনে রাজমুকুট পরে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন তিনি। একইসঙ্গে কুইন কনসর্ট ক্যামিলারও রাজ্যাভিষেক হয়।

গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। ৭০ বছর ধরে ব্রিটেনের প্রিন্স হিসেবে রাজসিংহাসনের অপেক্ষায় থাকা চার্লস রানির মৃত্যুর পরপরই রাজার দায়িত্ব নেন। সে সময় তিনি যুক্তরাজ্যসহ ১৫টি দেশের রাজা হন।

চীনের তৈরি উড়োজাহাজের প্রথম বাণিজ্যিক ফ্লাইট

এ বছর প্রথমবারের মতো নিজস্ব তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, ২৮ মে সি৯১৯ মডেলের উড়োজাহাজ সাংহাই থেকে বেইজিংয়ে ফ্লাইট পরিচালনা করে।

চীনের কমার্শিয়াল অ্যাভিয়েশন করপোরেশন অব চায়না (কোমাক) ১৬৪ সিটের উড়োজাহাজটি তৈরি করেছে। এভিয়েশন শিল্পে পশ্চিমা সংস্থা এয়ারবাস ও বোয়িংয়ের আধিপত্য ভাঙার লক্ষ্যে যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করছে কোমাক। তবে এখনো চীনের তৈরি উড়োজাহাজে পশ্চিমা কোম্পানির যন্ত্রাংশের আধিক্য রয়েছে। বিশেষ করে পশ্চিমা  ইঞ্জিন ও ইলেকট্রনিকস যন্ত্র ব্যবহার করছে কোমাক।

ওয়াগনার গ্রুপের বিদ্রোহ, প্রিগোঝিনের মৃত্যু

গত ২৩ জুন রাতে মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন। ইউক্রেনের রণক্ষেত্রে তার বাহিনীর ওপর রাশিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করে তিনি এই বিদ্রোহ ঘোষণা করেন, যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন অভিযোগ অস্বীকার করে।

ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহকে রাশিয়ার পিঠে ছুরিকাঘাত আখ্যায়িত করে যেকোনো মূল্যে বিদ্রোহ দমনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করে মস্কো অভিমুখে ২০ হাজারের বেশি সেনা নিয়ে এগিয়ে যেতে থাকেন ওয়াগনার প্রধান। তিনি মস্কোর সামরিক নেতৃত্বকে উৎখাতের জন্য এই অভিযান পরিচালনা করছেন বলে জানান।

মাঝপথে ওয়াগনার সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকবার বিমান হামলা চালায় রুশ সেনারা। এ ছাড়া মস্কোর সঙ্গে সংযোগ স্থাপনকারী মহাসড়কে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা হয়। শেষ পর্যন্ত বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সাজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ক্ষান্ত হয় ওয়াগনার সেনারা।

এ ঘটনার দুই মাস পর ২৫ আগস্ট প্রিগোজিনের প্রাইভেট জেট মস্কোর উত্তর-পশ্চিমে বিধ্বস্ত হয়। জেটে প্রিগোজিন ছিলেন বলে যাত্রী তালিকা থেকে জানা যায়। পরে জেনেটিক পরীক্ষার পর তার মৃত্যুর খবর নিশ্চিত করে রাশিয়া।

ইরানের হাইপারসনিক মিসাইল উন্মোচন

৬ জুন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স প্রথমবার নিজেদের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ফাত্তাহ বা বিজয়ী।

ইরানের দাবি, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১৪ গুণ দ্রুত। অর্থাৎ এটি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে। এর পাল্লা ১৪০০ কিলোমিটার। এটি যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর হত্যা, বিক্ষোভে সহিংসতা

২৭ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলী নঁতে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী কিশোর নেহাল নিহত হয়। এ হত্যার প্রতিবাদে ফ্রান্সজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটে। হাজারও বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবতরণ

গত ২৩ আগস্ট ভারতের স্থানীয় সময় ৬টায় ৩ মিনিটে ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের মাটিতে নামতে ১৯ মিনিট সময় লাগে বিক্রমের। এর মধ্যে দিয়ে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসেবে লেখায় ভারত। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এই পরীক্ষায় সফল হয়। একইসঙ্গে চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পায় ইসরো।

ব্রিকসের সদস্য হওয়ার ডাক পায় ৬ দেশ, জি২০ স্থায়ী সদস্য এইউ

আফ্রিকান ইউনিয়নকে (এইউ) স্থায়ী সদস্যপদ দিয়েছে জি২০। ৯ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতে নরেন্দ্র মোদি উদ্বোধনী বক্তব্য দেন। এ সময় তিনি গ্রুপের স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নের নাম ঘোষণা করে আসন গ্রহণের আমন্ত্রণ জানান।

অন্যদিকে ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার জন্য ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান জোটের বর্তমান প্রেসিডেন্ট ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দেশগুলো হলো— মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। এই জোটে যুক্ত হওয়ার জন্য প্রায় ২০টি দেশ আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল।

কিম জং উনের রাশিয়া সফর 

গত ১২ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রেলপথে রাশিয়ায় পৌঁছান। রুশ বন্দর শহর ভ্লাদিভোস্টকতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয় তার। পরে রাশিয়ার বিভিন্ন অস্ত্র কারখানা ও যুদ্ধ বিমান কারখানা পরিদর্শন করেন কিম জং উন। ছয় দিনের সফর শেষে কিম জং উন তার সাঁজোয়া ট্রেনে করে উত্তর কোরিয়া ফেরেন।

নাগোর্নো-কারাবাখে ফের লড়াই

গত ১৯ ও ২০ সেপ্টেম্বরে বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখে সামরিক অভিযান চালায় আজারবাইজান। নাগোর্নো-কারাবাখের আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিগত আর্মেনীয় ছিটমহলকে ঘিরে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছিল। ২০২২ সালের ডিসেম্বর থেকে আর্মেনিয়া থেকে ছিটমহলে প্রবেশের একমাত্র রুট লাচিন করিডোর অবরোধ করে রাখে আজারবাইজান। এই করিডোরে আজারবাইজানের সেনা স্থাপনা লক্ষ্য করে ১৯ সেপ্টেম্বর গুলি ছুঁড়ে আর্মেনিয়ার সেনারা। এর প্রতিক্রিয়ায় অভিযানের ঘোষণা দেয় বাকু।

এই সংঘর্ষের কারণে বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখের ছিটমহল থেকে প্রায় সব জাতিগত আর্মেনীয় পালিয়ে যায়। ৩০ সেপ্টেম্বর আর্মেনিয়া সরকার জানায়, প্রায় এক লাখ জাতিগত আর্মেনীয় ছিটমহল থেকে আর্মেনিয়ায় প্রবেশ করেছে। এই অভিযানে আজারবাইজানের ১৯২ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বাকু।

অন্যদিকে কারাবাখ কর্মকর্তারা জানিয়েছেন, আজারবাইজানের অভিযানে ১০ জন বেসামরিক নাগরিকসহ তাদের অন্তত ২০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার শতাধিক।

আফ্রিকায় একাধিক সামরিক অভ্যুত্থান

চলতি বছরে আফ্রিকায় গণতন্ত্র মারাত্মক হুঁচট খেয়েছে। এ বছর ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান হয়। ৩০ আগস্ট আরেকটি সামরিক অভ্যুত্থান হয় গেবনে। সেপ্টেম্বরে বুরকিনা ফাসোর সামরিক শাসক একটি অভ্যুত্থান চেষ্টা নস্যাতের দাবি করে।

তিন বছর আগে পশ্চিম বিরোধী সামরিক অভ্যুত্থান শুরু হয় মালিতে। এই অভ্যুত্থানের প্রভাব ছড়িয়ে পড়ে আফ্রিকার অন্যান্য দেশে। মালিতে গত জুলাই মাসে সরকারি ভাষার তালিকা থেকে ফরাসি বাদ দেওয়া হয়। সাবেক উপনিবেশ ফ্রান্সের সৈন্যদের বহিষ্কার করে মালি। এ ছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করে দেশটি। এর মাধ্যমে সাবেক উপনিবেশীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মালি।

ইসরাইলে হামাসের হামলা, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ 

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলায় প্রায় ১৪০০ ইসরাইলি নিহত হয়। হামাস প্রায় ২৪০ ইসরাইলিকে জিম্মি করে। এই হামলার প্রতিক্রিয়ায় হামাসকে গাজা উপত্যকা থেকে নিশ্চিহ্ন করে দিতে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। ইসরাইলের সামরিক বাহিনীর স্থল, জল ও আকাশপথে অব্যাহত হামলায় এ পর্যন্ত প্রায় ২১ হাজার ফিলিস্তিনি মারা গেছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে জাতিসংঘে একাধিক প্রস্তাব উত্থাপিত হলেও যুক্তরাষ্ট্রের ভেটোতে কোনোটাই কার্যকর হয়নি।

আক্রমণ-পাল্টা আক্রমণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। এর পর এ যুদ্ধে আর্থিক, সামরিক, কূটনৈতিক মদত দিয়ে আসছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। চলতি বছরেও পশ্চিমা সমর্থন অব্যাহত রয়েছে। এ বছরের মাঝামাঝি ইউক্রেন বড় মাত্রায় প্রতি আক্রমণ চালালেও তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তবে চলতি বছরে ড্রোন ও মিসাইলের যুদ্ধ হয়েছে ব্যাপক আকারে। ইউক্রেনের অসংখ্য ড্রোন রাশিয়ার বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। বাদ যায়নি রুশ রাজধানী মস্কোও। তবে এ যুদ্ধে কোনোপক্ষেই হার-জিতের ধারে কাছেও যেতে পারেনি। ফলে ২০২৪ সালে গড়াতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

সারাবাংলা/আইই/টিিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর