আন্তর্জাতিক ডেস্ক
জেরুজালেমের আল আকসা মসজিদে ফের প্রবেশ করেছে ইসরাইলি পুলিশ। রোববার (১৭ এপ্রিল) ফজরের নামাজে মুসল্লিরা জড়ো হলে পুলিশ হানা দেয়। এর আগে গত শুক্রবার আল আকসা মসজিদে অভিযান চালিয়েছিল ইসরাইলি নিরাপত্তা বাহিনী। ওইদিন মসজিদ প্রাঙ্গণ থেকে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছিল।
রোববার ভোরে আল আকসা মসজিদে পুলিশ অভিযানের তথ্য স্বীকার করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। সরকারি এক বিবৃতিতে বলা হয়, আল আকসায় ইহুদিদের নিয়মিত পরিদর্শনের জন্য নিরাপদ করতে মসজিদ ভবনে প্রবেশ করে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিরা মসজিদ ভবনে পাথর মজুত করেছিল এবং তারা ইসরাইলি সৈন্যদের প্রবেশে বাধা দিয়েছিল।
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, রোববার পুলিশের হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রস জানিয়েছে, রাবার বুলেটের আঘাতে আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সংস্থাটি বলেছে, মসজিদ ভবনে প্রবেশে ইসরাইলি পুলিশকে বাধা দিয়েছিল ফিলিস্তিনি মুসল্লিরা।
জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। সম্প্রতি মসজিদটি কেন্দ্র করে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
সারাবাংলা/আইই