আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও একটি ছোট দেশের বিরুদ্ধে আগ্রাসন ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে বলেও তাগিদ দিয়েছেন তিনি। শনিবার (২ এপ্রিল) ইসলামাবাদে এক নিরাপত্তা সংলাপে ইউক্রেন যুদ্ধকে একটি বড় ট্র্যাজেডি অভিহিত করে এসব মন্তব্য করেন তিনি। দ্য ডনের খবর।
তার বক্তৃতায় জেনারেল বাজওয়া ইউক্রেন-রাশিয়া সংঘাতের বিষয়ে পাকিস্তানের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। অবিলম্বে যুদ্ধবিরতি ও শত্রুতা বন্ধের আহ্বান জানিয়ে জেনারেল বাজওয়া বলেন, আমরা সংঘাতের স্থায়ী সমাধান খুঁজে পেতে সব পক্ষের মধ্যে অবিলম্বে সংলাপ আয়োজনের বিষয়টিকে সমর্থন করি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ শরণার্থী হয়েছে এবং ইউক্রেনের অর্ধেক ধ্বংস হয়ে গেছে।
ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধের প্রশংসা করে জেনারেল বাজওয়া বলেন, সংঘাতটি ছোট দেশগুলোকে আশা দিয়েছে যে, তারা এখনো ছোট কিন্তু চতুর বাহিনী দিয়ে একটি বড় দেশের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে পারবে।
পাকিস্তান বিমানবাহিনীর মাধ্যমে ইউক্রেনে ইতোমধ্যে মানবিক সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ইউক্রেনে আরও মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখবে ইসলামাবাদ।
সারাবাংলা/আইই