আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফর করছেন। তিনি কংগ্রেসের একটি প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি পশ্চিমা শক্তির জোর সমর্থন প্রদর্শন করতে তার এই সফর।
যুক্তরাষ্ট্রের প্রশাসনে ক্ষমতার দিক থেকে ভাইস প্রেসিডেন্টের পরই কংগ্রেস স্পিকারের স্থান। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর ইউক্রেনে সফর করা মার্কিন নেতাদের মধ্যে শীর্ষ ক্ষমতাধর ন্যান্সি পেলোসি। এই শীর্ষ রাজনীতিবিদের ইউক্রেন সফর কিয়েভ কর্তৃপক্ষকে পশ্চিমা সমর্থনের বিষয়ে একটি স্পষ্ট বার্তা দেবে বলে মনে করেন বিশ্লেষকরা।
সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন পেলোসি। মার্কিন কংগ্রেস স্পিকার এসময় জেলেনস্কিকে বলেন, স্বাধীনতার জন্য আপনার লড়াইয়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে আমরা আপনার সঙ্গে দেখা করছি। লড়াইটি শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনার সঙ্গে থাকব।
তিনি আরও বলেন, আমাদের প্রতিনিধিদল কিয়েভ সফরের মাধ্যমে সারা বিশ্বকে একটি স্পষ্ট ও সূক্ষ্ম বার্তা দিচ্ছে। বার্তাটি হলো, আমেরিকা ইউক্রেনের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। জয় না হওয়া পর্যন্ত আমরা এখানে আছি।
উল্লেখ্য যে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং পশ্চিমাদের দ্বারা উস্কে দেওয়া রুশবিরোধী জাতীয়তাবাদ থেকে মুক্ত করার জন্য মস্কো তার পদক্ষেপকে একটি বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেছে। ইউক্রেন এবং পশ্চিমারা বলছে, রাশিয়া বিনা প্ররোচনায় আগ্রাসন শুরু করেছে।
সারাবাংলা/আইই