আন্তর্জাতিক ডেস্ক
এবার ইরান সফরে গেলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। শনিবার (১৭ জুন) তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও শীর্ষ কূটনীতিক হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
প্রেসিডেন্ট প্রাসাদে প্রিন্স ফয়সাল বাদশাহ সালমানের পক্ষে রাইসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণপত্র দেন। তিনি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষে ইরানের প্রেসিডেন্ট ও জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান।
প্রিন্স ফয়সাল ইরানি নেতা ও কূটনীতিকদের সঙ্গে আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে আলোচনায়।
গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় সম্পর্কে জোড়া লাগাতে সম্মত হয়ে এক চুক্তি সই করে ইরান ও সৌদি আরব। এর পর ৬ এপ্রিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। ২০১৬ সালের পর সরকারি পর্যায়ে এটিই ছিল প্রথম বৈঠক।
গত ৬ জুন সৌদি আরবের রিয়াদে ফের দূতাবাস চালু করে ইরান।
সারাবাংলা/আইই