আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের একটি সামরিক হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। এতে ইসরাইলি বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক সামরিক পর্যবেক্ষক। ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) দেশটির সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (৩ জানুয়ারি) রাতে ইউরো কপ্টার এএস-৫৬৫ প্যান্থার মডেলের একটি হেলিকপ্টার ভূমধ্যসাগরের হাইফা উপকূলে বিধ্বস্ত হয়। এতে ইসরাইলি বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইরেজ সাচিয়ানি এবং মেজর চেন ফোগেল নিহত হয়েছেন।
ইসরাইলের সংবাদমাধ্যমে বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল ইরেজ সাচিয়ানি রামাত ডেভিড বিমানঘাঁটির ডেপুটি কমান্ডার ছিলেন। মেজর চেন ফোগেল ১৯৩ স্কোয়াড্রনের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
আইডিএফ-এর বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনাস্থলে তাৎক্ষনিক উদ্ধারকারী দল পাঠানো হয়। তারা হেলিকপ্টারের দুই পাইলটকে জীবিত উদ্ধার করতে পারেনি। তবে হেলিকপ্টারে থাকা সামরিক পর্যবেক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সারাবাংলা/আইই