নিজস্ব প্রতিবেদক : পর্যটন নগরী কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন বাটালিয়ন (র্যাব)।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৫জনকে গ্রেপ্তারের কথা জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।
গ্রেপ্তারদের মধ্যে দু’জন মামলার এজাহারভুক্ত আসামি, বাকিরা তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
মামলার চার আসামি হলেন-কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম, মোহাম্মদ শফি ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদী হাসান বাবু ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।
প্রসঙ্গত, গত বুধবার (২২ ডিসেম্বর) স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
অভিযোগ পেয়ে রাত দেড়টার দিকে কক্সবাজারের কলাতলীর ‘জিয়া গেস্ট ইন’ নামের একটি হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র্যাব।
এদিকে আশিকুলের বিরুদ্ধে এই মামলা ছাড়াও নারী নির্যাতন, অস্ত্র, ইয়াবার কারবারসহ বিভিন্ন অভিযোগের আরও ১৭টি মামলা রয়েছে। ৪ মাস আগে কারাগার থেকে ছাড়া পান আশিকুল।