আন্তর্জাতিক ডেস্ক
করোনা সংক্রমণের মধ্যেই জার্মানিতে গাঁজা-কোকেনের মতো মাদকের ব্যবহার এবং সেই সঙ্গে মাদক সংক্রান্ত অপরাধও বেড়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রকাশিত মাদক সংক্রান্ত জার্মান সরকারের বার্ষিক প্রতিবেদন থেকে এমন তথ্য পেয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
দেশটির ড্রাগ কমিশনার ড্যানিয়েলা লুডউইগ মাদকাসক্তি দূর করতে আরও অর্থ সাহায্যের আবেদন জানিয়ে বলেছেন, করোনাকালে মানুষের মনের ওপর প্রচণ্ড চাপ পড়েছে। মাদক ব্যবহারের ওপর তারই প্রভাব পড়েছে।
এদিকে, ওই বার্ষিক প্রতিবেদনে আইনি-বেআইনি মাদকের ব্যবহার এবং পাচার নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে। প্রতিবেদন বলছে জার্মানির বেআইনি মাদকের বাজারে গাঁজার ব্যবসা রমরমা। ২০২০ সালে মাদকবাণিজ্য সংক্রান্ত অপরাধের ৫৯ শতাংশই গাঁজার সঙ্গে সংশ্লিষ্ট। ১৮-২৫ বছর বয়সীদের মধ্যে গাঁজা সেবনের পরিমাণ বেড়েছে ৯ শতাংশ। কোকেনের ব্যবহার বেড়ে হয়েছে দুই দশমিক নয় শতাংশ।
অন্যদিকে, হেরোইনসহ অন্য মাদক সংক্রান্ত অপরাধ করোনাকালে কমেছে। বার, পাব ও ক্লাব বন্ধ থাকার কারণেই এটা সম্ভব হয়েছে বলে তারা দাবি করেছেন। কিন্তু, ২০২০ সালে জার্মানিতে কোকেন চোরাচালান আগের বছরের তুলনায় ৯.৬ শতাংশ বেড়েছে।
দেশটির মাদক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলছে, করোনায় বড় পরিবর্তন হয়েছে। এখন অনলাইনে মাদকের রমরমা বাজার। জার্মানি যেন আন্তর্জাতিক মাদক চোরাচালানের কেন্দ্র না হয়ে ওঠে, সে ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন ড্রাগ কমিশনার।
সারাবাংলা/একেএম