জাহেদুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি॥
কক্সবাজারের কুতুবদিয়ায় অটোরিকশা উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আব্দুল্লাহ আল সাবিত (৫)। সে উত্তর ধূরুং ইউনিয়নের আজম উদ্দীন সিকদার পাড়ার মোহাম্মদ হোসাইনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে একটি অটোরিকশা রাস্তার পাশে রেখে কিছু দূরে যান চালক। এসময় ছোট্ট সাবিত খেলার ছলে অটোরিকশা চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে সাবিদ অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে কুতুবদিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।