আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্রিমিয়া দখলের মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে, ক্রিমিয়ার স্বাধীনতার মাধ্যমেই এ যুদ্ধ শেষ হবে।
মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিমে নভোফেডোরিভকার কাছে সাকি বিমানঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় কয়েক ঘণ্টা পর ভলোদিমির জেলেনস্কি এ প্রত্যয় ব্যক্ত করেন।
ক্রিমিয়ায় বিস্ফোরণের কোনো উল্লেখ না করেই জেলেনস্কি বলেন, ক্রিমিয়া ইউক্রেনের, আমরা কখনই ক্রিমিয়াকে ছেড়ে দেব না।
২০১৪ সালের ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে অভিযান চালিয়ে দখল করে নেয় রাশিয়া। আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার এমন আচরণের নিন্দা জানিয়েছিল। পরে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। বিশ্লেষকরা মনে করেন বর্তমানে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সূচনা হয়েছিল মস্কোর ক্রিমিয়া দখলের মধ্য দিয়ে।
সম্প্রতি রুশ বাহিনীকে রুখতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এম-১৪২ হিমার্স) সরবরাহ করছে যুক্তরাষ্ট্রে। এই অস্ত্রটি পেয়ে রাশিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন। সমর বিশারদদের অনেকেই বলছেন, ক্ষেপণাস্ত্র হিমার্সের তোপে রণক্ষেত্রে রাশিয়ার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে। এই অস্ত্র পেয়ে ইউক্রেনও রাশিয়ার কাছে হারানো ভূখণ্ড ফিরে পেতে নতুন উদ্যমে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছে।
সারাবাংলা/আইই