আন্তর্জাতিক ডেস্ক
গ্রিক দ্বীপ রোডসে পঞ্চম দিনের মতো দাবানল চলছে। এতে সমুদ্রতীরবর্তী রিসর্টসহ চারটি স্থান খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দমকল বিভাগের মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস জানিয়েছেন, পর্যটকসহ প্রায় দুই হাজার মানুষকে সমুদ্রপথে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, হোটেল এবং ভাড়া বাড়িগুলো খালি করা হয়েছে। কোনো দুর্ঘটনা ছাড়াই সব দর্শনার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনটি জাহাজ, একটি সেনা লাইফবোট, একটি বিশেষ বাহিনী ইনফ্ল্যাটেবল ক্রাফট এবং ৩০টি ব্যক্তিগত পালতোলা নৌকা মানুষদের সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করেছে।
দমকল বিভাগের মুখপাত্র আর্টোপিওস আরও জানান, ২০০জনের বেশি দমকলকর্মী এবং ৪০টি ফায়ার ইঞ্জিন আগুন নেভাতে কাজ করছে। তিনটি বিমান এবং পাঁচটি হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে। এই বাহিনীতে স্লোভাকিয়ার ৩১ জন দমকলকর্মী ও পাঁচটি ফায়ার ইঞ্জিনও যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিসের আরেক মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেন, প্রবল বাতাস এবং দ্বীপের কেন্দ্র থেকে পূর্ব সৈকতে ছয় মাইল ফায়ার ফ্রন্ট চরম পরিস্থিতির সৃষ্টি করছে। এটি এমন আগুন নয় যা আগামীকাল বা পরশু নিভে যাবে। এটি আমাদের কয়েকদিন ধরে বিরক্ত করবে।
সারাবাংলা/আইই