আন্তর্জাতিক ডেস্ক
নতুন বছরের টেলিভিশন ভাষণে সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানী রাণী দ্বিতীয় মার্গ্রেথ। দীর্ঘ ৫২ বছর শাসনের পর আকস্মিক এই ঘোষণা দিয়েছেন তিনি।
ভাষণে রানী দ্বিতীয় মার্গ্রেথ জানান, আগামী ১৪ জানুয়ারি পদত্যাগ করবেন তিনি। বড় ছেলে যুবরাজ ফ্রেডেরিক তার স্থলাভিষিক্ত হবেন। তিনি বলেন, আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দেব।
১৯৭২ সালে তার বাবা রাজা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেছিলেন দ্বিতীয় মার্গ্রেথ। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনিই ইউরোপের সবচেয়ে দীর্ঘকালীন রানী।
রানী জানান, ২০২৩ সালের প্রথম দিকে তার পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল। এ ঘটনা তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।
তিনি বলেন, অস্ত্রোপচার স্বাভাবিকভাবেই পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে কিনা এমন ভবিষ্যতের বিষয়ে চিন্তার জন্ম দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখনই সঠিক সময়।
সারাবাংলা/আইই