আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরাইল। একইসময় শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে তারা। বড় আকারের এই হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে জেনিনে অন্তত ১০টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ফলে ভবনের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হচ্ছে। একই সময় কয়েক ডজন ইসরাইলি সাঁজোয়া যানের একটি বহরও শরণার্থী শিবির ঘেরাও করে এবং একটি স্থল সামরিক অভিযান শুরু করে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনে নিহতদের মধ্যে চারজনের নাম সামিহ আবু আল-ওয়াফা, হুসাম আবু থিবা, আউস আল-হানুন এবং নুর আল-দিন মারশউদ। তাদের সকলের বুকে ও মাথায় গুলিবিদ্ধ ছিল।
ক্যাম্পে অন্তত দুই ডজন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আল জাজিরার খবরে বলা হয়, সেনাবাহিনী সোমবার সকালে ক্যাম্পে অবরোধ অব্যাহত রাখে, ট্রাক্টর দিয়ে সকল প্রবেশপথ বন্ধ করে দেয়। আল জাজিরার জেরুজালেম ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারি বলেছেন, প্রায় দেড়শটি সাঁজোয়া যান এবং এলিট ফোর্সের প্রায় ১ হাজার সৈন্য এবং সাধারণ গোয়েন্দা, পুলিশ এবং সীমান্ত পুলিশ অভিযানে অংশ নেয়।
আল-ওমারি বলেন, তারা ক্যাম্পে সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে। বিশেষ বাহিনী ক্যাম্পের ভেতর বাড়িতে অভিযান চালাচ্ছে, তাদের তল্লাশি করছে এবং অনেক লোককে গ্রেফতার করছে।
সারাবাংলা/আইই