আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের মিয়ানওয়ালি প্রশিক্ষণ বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়েছে। তবে হামলাটি ব্যর্থ হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, শনিবার ভোরে প্রশিক্ষণ বিমান ঘাঁটিতে একটি ব্যর্থ সন্ত্রাসী হামলার পর সেনাবাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে।
সামরিক বাহিনীর মিডিয়া উইং অনুযায়ী, শনিবার প্রথম প্রহরে পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি ট্রেনিং এয়ার বেস একটি ব্যর্থ সন্ত্রাসী হামলার শিকার হয়। সেনাদের দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়ার কারণে কর্মী এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে হামলা ঠেকানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঘাঁটিতে প্রবেশ করার সময় তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়। বাকি তিনজনকে পরে সংঘর্ষে হত্যা করা হয়। তবে হামলার সময় তিনটি গ্রাউন্ডেড বিমান এবং একটি জ্বালানি ট্যাংকের কিছু ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
সারাবাংলা/আইই