জয়নাল আবেদীন, কক্সবাজার, ২৫ জুন ২০২৫ — বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজিত হয় এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, যেখানে সাগর পাড়ের আবর্জনা পরিষ্কার করে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করা হয়। এই উদ্যোগের আয়োজন করে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল, সার্বিক সহযোগিতা প্রদান করে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় ইপসার উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের স্বেচ্ছাসেবকদল, ইমার্জেন্সি দল, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, স্থানীয়জন। হাতে গ্লাভস, বস্তা ও ভালোবাসা নিয়ে সৈকতে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন তারা।
স্বেচ্ছাসেবক মোহাম্মদ মিমবাজ বলেন, “আমরা বিশ্বাস করি ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন আসে। সৈকত পরিষ্কার করে শুধু ময়লা সরাচ্ছি না, বরং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিচ্ছি সবাইকে।”
আরেক স্বেচ্ছাসেবক সায়মা আক্তার বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে নারীদের ওপর, বিশেষ করে উপকূলীয় এলাকার নারীদের। এই প্রকল্পের মাধ্যমে আমরা নিজেরা সচেতন হচ্ছি, অন্যদেরও সচেতন করছি।”
রেজিলিয়েন্স অফিসার মোহাম্মদ আশিক হাসান জিকো বলেন, “এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ শুধু পরিবেশের জন্যই নয়, বরং তরুণ সমাজকে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই এ উদ্যোগগুলো সম্প্রসারিত হোক প্রতিটি কমিউনিটিতে।”
এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল — “প্লাস্টিক দূষণআর নয় বন্ধ করার এখনি সময়” — যা কক্সবাজারের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এই যুবনেতৃত্বাধীন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতার আহ্বান জানান, যাতে পরিবেশগত সহনশীলতা গড়ে তোলা যায়।
দিনশেষে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন, তাঁরা পরবর্তীতেও পরিবেশবান্ধব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাবেন।