আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার একটি রেলস্টেশনে হামলা চালিয়েছে ইউক্রেনীয় ড্রোন। রুশ শহর কুরস্কের কেন্দ্রীয় রেলস্টেশনের ছাদে আঘাত করে ড্রোনটি। এতে ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায় এবং আগুন লাগে।
আঞ্চলিক গভর্নর রোমান স্টারোভয়েট এক টেলিগ্রাম পোস্টে স্থানীয় সময় সকাল ৩টা ৫৪ মিনিটে লিখেন, কুরস্কে একটি ইউক্রেনীয় ড্রোন হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে, এটি রেলওয়ে স্টেশনের ছাদে বিধ্বস্ত হয়, তারপরে আগুন লেগে যায়। কাঁচের টুকরো থেকে পাঁচজন সামান্য আঘাত পেয়েছেন।
পরে অপর একটি পোস্টে স্টারোভয়েট বলেন, বিস্ফোরণে স্টেশনের ছাদ, সম্মুখভাগ এবং একটি প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ধাক্কা ওয়েটিং রুম এবং একটি আন্ডারপাসও ক্ষতিগ্রস্ত করেছে।
গভর্নর জানান, ড্রোন হামলায় আহত পাঁচজনের তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া হয়। অন্য দুইজনের চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়নি।
তিনি জানান, ড্রোনটি আঘাত হানার সময় স্টেশনে প্রায় ৫০ জন লোক ছিল। দ্রুত তাদের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
সারাবাংলা/আইই