মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

হোসেনি দালানে বোমা হামলার মামলায় রায় আজ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২২২ সময় দেখুন
হোসেনি দালানে বোমা হামলার মামলায় রায় আজ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার মামলার রায় ঘোষণা করা হবে আজ ।

মঙ্গলবার (১৫ মার্চ) রায় ঘোষণা করবেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। গত ১ মার্চ মামলার রায় ঘোষণার জন্য এদিন ধার্য করা হয়।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে দুইজন নিহত এবং শতাধিক আহত হন।

এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ ২০১৬ সালের অক্টোবর মাসে ১০ জঙ্গিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০১৭ সালের ৩১ মে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

আসামিরা হলেন—কবির হোসেন, রুবেল ইসলাম, আবু সাঈদ, আরমান, হাফেজ আহসান উল্লাহ মাসুদ, শাহ জালাল, ওমর ফারুক, চাঁন মিয়া, জাহিদ হাসান ও মাসুদ রানা। আসামিদের মধ্যে দুজন শিশু। তাদের মামলা শিশু আদালতে পাঠানো হয়েছে। বাকি আট আসামির মধ্যে পাঁচজন জামিনে আছেন।

আসামিদের মধ্যে আরমান, রুবেল ও কবির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়া এ হামলার সঙ্গে জড়িত হিরন ওরফে কামাল, আলবানি ওরফে হোজ্জা ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন পৃথক বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আবদুল্লাহ বাকি ওরফে নোমান ছিলেন হোসেনি দালানে হামলার মূল পরিকল্পনাকারী। হামলার আগে ১০ অক্টোবর তারা বৈঠক করে পরিকল্পনা চূড়ান্ত করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর